বিপিএলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টম মুডি

রংপুর রাইডার্সের অনুশীলনে নতুন শিষ্যদের সঙ্গে টম মুডিবিসিবি একাডেমি মাঠে টম মুডির তত্ত্বাবধানে বুধবার অনুশীলন শুরু করেছে বিপিএলের দল রংপুর রাইডার্স। এই প্রথম বাংলাদেশের কোনও দলের কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।

আইপিলে সানরাইজার্স হায়দরাবাদ এবং পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের প্রধান কোচ মুডি। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের কোচও।

অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে খেলা মুডি বিপিএলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘দুই বছর শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল। আইপিএল ও পিএসএলেও কাজ করার অভিজ্ঞতা আছে। যদিও অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো এখানে কাজ করা সহজ নয়। তবে আমি ভিন্ন কন্ডিশন ও ভিন্ন সংস্কৃতির চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করি। আমি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। দলটির আইকন খেলোয়াড় মাশরাফি মুর্তজা। আছেন ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের মতো দুই বিধ্বংসী ব্যাটসম্যান। শ্রীলঙ্কার গতিতারকা লাসিথ মালিঙ্গার ঠিকানাও রংপুর। রবি বোপারা, ডেভিড উইলি, জোনাথন চার্লস এবং কুশল পেরেরাও রংপুরের হয়ে খেলবেন।

নিঃসন্দেহে রংপুর রাইডার্স এবারের শিরোপা প্রত্যাশী দল। ‍মুডি অবশ্য সব প্রতিপক্ষকেই সমীহ করছেন, ‘বিপিএলের সব দলই ফাইনালে খেলার যোগ্য। শুধু আমাদের দল নয়, সব দলেই আছে দুর্দান্ত খেলোয়াড়। আমার বিশ্বাস, দারুণ একটা টুর্নামেন্ট হবে।’

নিজেদের লক্ষ্য সম্পর্কে রংপুর রাইডার্স কোচের বক্তব্য, ‘আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে, মানসিকভাবে উজ্জীবিত থাকতে হবে, মাঠে এবং মাঠের বাইরে সব কিছু উপভোগ করতে হবে।’

প্রথম দিনের অনুশীলন নিয়ে মুডির মন্তব্য, ‘আজ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে কাজ করছি। দুই-এক দিনের মধ্যেই বিদেশি খেলোয়াড়রা চলে আসবে। সবার সঙ্গে অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ওপর গুরুত্ব দিচ্ছি আমি।’