আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে কুড়ি ওভারের টুর্নামেন্টটির পঞ্চম আসর। গত আসরে খুলনা প্রথমবারের মতো অংশ নিয়ে দারুণ পারফরম্যান্সে জয় করেছিল ক্রিকেটপ্রেমীদের মন। এবার আরও ভালো করার প্রত্যাশা খুলনার দলটির। প্লেয়ারস বাই চয়েসের মধ্যে দিয়ে দল গঠনের আনুষ্ঠানিকতার পর এবার হলো ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মোচন। সেটাও হলো চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে। যেখানে লেজার শো-এর পর উন্মোচন করা হয় পঞ্চম আসরের জার্সি।
কাগজে-কলমে শক্তিশালী দল হলেও শিরোপা নিয়ে না ভেবে মাঠে নিজেদের সর্বোচ্চ খেলাটাই খেলতে চায় খুলনা টাইটানস। দেশীয় খেলোয়াড়ের মধ্যে মাহমুদউল্লাহ ও শফিউল ইসলাম দক্ষিণ আফ্রিকা থাকায় ছিলেন না অনুষ্ঠানে। এর বাইরে স্থানীয়দের বেশিরভাগকেই দেখা গেছে অনুষ্ঠানের মঞ্চে। এসেছিলেন তামিম ইকবালও। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড় হয়েও বাংলাদেশি ওপেনার এসেছিলেন সপরিবারে। খুলনা তার প্রতিপক্ষ হলেও বড় ভাই নাফিস ইকবাল আবার দলটির ম্যানেজার।
দেশি-বিদেশি খেলোয়াড়দের নিয়ে এবারের আসরে শক্তিশালী দলই গড়েছে খুলনা। পাকিস্তানের জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খানসহ আছেন ডেভিড মালান, রাইলি রোসো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকা ক্রিকেটার। তবে কাগজে কলমে শক্তিশালী হলেও এখনই শিরোপা নিয়ে ভাবতে চায় না দলটি।
লেজার শো শেষ হওয়ার পর খুলনার নতুন জার্সি নিয়ে মঞ্চে ওঠে একদল শিশু। এরপর খুলনা টাইটানসের সঙ্গে সম্পৃক্ত সব খেলোয়ার, কোচ, ম্যানেজার ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার মঞ্চে উঠে আসেন। তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান নতুন জার্সির সঙ্গে অংশ নেন ফটো সেশনে।
জার্সি উন্মোচনের পর খুলনা টাইটানসের চেয়ারম্যান কাজী নাবিল দলের এবারের মিশন নিয়ে বলেছেন, ‘টাইটানস এগিয়ে যাবে সব বাধা দূর করে। সব সমর্থকদের পাশে রেখে টাইটানস তার স্বকীয়তা বজায় রাখবে।’ এর আগে টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনামও বলেছেন প্রায় একই কথা, ‘কেউই ভাবেনি আমরা গত আসরে নকআউট পর্ব খেলব। কিন্তু সাধারণ মানের দল নিয়েও আমরা দারুন ক্রিকেট খেলেছি। আশা করছি এবারও মাহমুদউল্লাহর নেতৃত্বে এবং মাহেলার কোচিংয়ে আমরা অনেক দূর যাব।’
জয়াবর্ধনেকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কাজী ইনাম, ‘গত বছরের অভিজ্ঞতায় আমরা বুঝতে পেরেছি এবারের বিপিএলে কিভাবে কাজ করতে হবে। আমরা কোচ মাহেলা জয়াবর্ধনে, পরামর্শক হাবিবুল বাশার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দল সাজাচ্ছি। এরই মধ্যে কয়েকজন ভালো বিদেশি খেলোয়াড় আমরা দলে নিয়ে এসেছি।’
যে দল নিয়ে এবার আশাবাদী খুলনা টাইটানস। যদিও আশার ভেলায় ভাসতে রাজি নয় তারা। মাঠের পারফরম্যান্স দিয়েই প্রমাণ দিতে চায় সবকিছুর।