শ্রীলঙ্কার বর্ষসেরা হেরাথ, চার ট্রফি গুনারত্নের

গুনারত্নে ও হেরাথআন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মাত্র দেড় বছর হলো। গত বছর ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে দেন আসেলা গুনারত্নে। প্রতিভার বহিঃপ্রকাশ হতে সময় লাগেনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী মঞ্চে তাই সবচেয়ে বেশি চারটি ট্রফি গেল ৩১ বছর বয়সী এই অলরাউন্ডারের হাতে। তবে এই রাতে ‘বর্ষসেরা ক্রিকেটার’এর সবচেয়ে বড় পুরস্কার পেয়েছেন রঙ্গনা হেরাথ।

দুর্দান্ত ফর্মে থাকা হেরাথের হাতে উঠেছে আরও একটি প্রত্যাশিত পুরস্কার। ৩৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার হয়েছেন বর্ষসেরা টেস্ট বোলার। গত বছরের জুন থেকে এই জুন পর্যন্ত নির্ধারিত সময়ে ১১ টেস্ট খেলে ১৮.৬৮ গড়ে ৭৩ উইকেট নিয়েছেন তিনি। তার স্পিন সঙ্গী দিলরুয়ান পেরেরা বর্ষসেরা টেস্ট অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন। পুরস্কারের জন্য বিবেচিত সময়ে ৩১ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৩১৯ রান করেন তিনি।

তবে সীমিত ওভারের ক্রিকেটের সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন গুনারত্নে। টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান হয়েছেন তিনি। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের সেরা অলরাউন্ডারও গুনারত্নে। আর জাতীয় দলে দারুণ ফর্মে থাকা গুনারত্নে প্রত্যাশিতভাবে হয়েছেন দেশের উজ্জ্বল সম্ভাবনাময় ক্রিকেটার। বর্তমানে বৃদ্ধাঙ্গুলির ইনজুরিতে মাঠের বাইরে এই অলরাউন্ডার। গত বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর টেস্টে ৪৫৫ রান, ওয়ানডেতে ৪৭২ রান ও ১৮১ রান করেছেন টি-টোয়েন্টিতে। স্লো-মিডিয়াম বোলিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট।

দলে ঢুকেই দারুণভাবে জায়গা পাকা করা উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা হয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটার। এ বছর ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে দুটি শতক ও ১১ অর্ধশতকে করেছেন ১ হাজার ৬০৩ রান।

ওয়ানডের বর্ষসেরা ব্যাটসম্যান ও বোলার হয়েছেন কুশল মেন্ডিস ও ‍সুরাঙ্গা লাকমল। বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান ও বোলারের পুরস্কার জিতেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও লাসিথ মালিঙ্গা। ক্রিকইনফো