শনিবার শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরে ঢাকার দলটিকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। উদ্বোধনী দিনে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে শিরোপা ধরে রাখার প্রতিজ্ঞা ফুটে উঠলো সাকিবের কণ্ঠে, ‘ঢাকার হয়ে শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই সব সময় খেলি। বিপিএলে আমি তৃতীয় বারের মতো ঢাকার হয়ে খেলবো। আগের দুই বার শিরোপা জিতেছিলাম, এবারও শিরোপা জয়ের লক্ষ্য। শুরুটা ভালো করা খুব গুরুত্বপূর্ণ। যদিও একটা বড় টুর্নামেন্টের পুরোটা ভাল খেলা খুব কঠিন। তবে আমাদের দলে যে ধরনের ক্রিকেটার আছে তাতে আশা করি ভালো কিছুই হবে।’
বিপিএলের প্রথম চার আসরে সর্বোচ্চ চার জন করে বিদেশি খেলোয়াড় একাদশে সুযোগ পেতো। এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। নতুন নিয়ম টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন সাকিব, ‘একজন বিদেশি খেলোয়াড় বেশি খেলবে বলে টুর্নামেন্টের রোমাঞ্চ বেড়ে যাবে, প্রতিদ্বন্দ্বিতাও বেশি হবে। টুর্নামেন্টের বেশিরভাগ দল কাছাকাছি শক্তির। তাই কঠিন প্রতিযোগিতা হবে, যেটা দেশের ক্রিকেটের জন্যই ভালো।’
শনিবার দুপুর দুইটায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। স্বাগতিক দলের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের আশাবাদ, ‘সিলেটের মাঠে সিলেটের সঙ্গে খেলা, তাই কঠিন ম্যাচ হবে। আশা করি, দর্শকে পূর্ণ স্টেডিয়ামে ভালো খেলেই আমরা ম্যাচটা জিতবো।’