গত আসরে সাদামাটা দল নিয়ে একের পর এক চমক দেখিয়ে প্লেঅফ খেলেছিল খুলনা। কিন্তু দুই কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি। এবার টাইটানস ভারসাম্যপূর্ণ দল। দলে যোগ দিয়েছেন রাইলি রোসো, কার্লোস ব্র্যাথওয়েট, কাইল অ্যাবট, মাইকেল ক্লিঞ্জারের মতো তারকা ক্রিকেটাররা। গতবারের ভুল শুধরে এবার সব বিভাগে শক্তি বাড়িয়েছে খুলনা।
শনিবার সকাল ১১ টায় প্রথম গ্রুপ মাঠে আসে খুলনা টাইটানসের। প্রথম গ্রুপে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মাইকেল ক্লিঞ্জার, রাইলি রোসো, কার্লোস ব্র্যাথওয়েট, বেনি হাওয়েল, আরিফুল হক, কাইল অ্যাবট, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আবু জায়েদ রাহি ও আকিলা ধনঞ্জয়া।
দ্বিতীয় গ্রুপের গাড়ি যখন মাঠে ঢোকে, তখনও রিয়াদ আর ক্লিঞ্জার নেটে ব্যাটিং করছিলেন। সেক্কুগে প্রসন্ন, চ্যাডউইক ওয়ালটন, নাজমুল হোসেন শান্ত, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, রাব্বি মাহমুদ, জোফরা আর্চার, তানভীন ও নিকোলাস পুরানরা দ্বিতীয় গ্রুপে মাঠে আসেন।
বাংলা ট্রিবিউনের এক প্রশ্নে ক্লিঞ্জার বলেছেন, ‘আশা করি দারুণ একটা টুর্নামেন্ট হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য খুলনাকে ধন্যবাদ জানাই। খুলনা টাইটানসের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছি।’
‘ফাটিয়ে দে গুঁড়িয়ে দে, উইকেট চুরমার, ব্যাটের ধোলাই লাগিয়ে দে ভাই, মার ছক্কা চার...’- বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে খুলনা টাইটানসের থিম সং। গানের প্রতিটি কথা নিশ্চয়ই বাস্তবায়িত করতে চাইবেন মাহমুদউল্লাহরা। লক্ষ্যপূরণে রবিবার বিপিএল জয়ের মিশন শুরু করবে খুলনা টাইটানস।
ছবি-রবিউল ইসলাম