প্রথম দিন সমানে সমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ব্যানক্রফটকে রানআউট করে ইংল্যান্ডের উদযাপন১০০ বছরের টেস্ট ক্রিকেটে মাত্র একবার অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়ে জিততে পেরেছে প্রতিপক্ষ দলের অধিনায়ক। জো রুট ওই পরিসংখ্যানকে পাত্তা দেননি। তার চোখ ছিল অন্য পরিসংখ্যানে; এই মাঠে আগের দুই দিবারাত্রির টেস্টে যে দল প্রথমে বল করেছে, জিতেছে তারাই। বলা চলে ঝুঁকি নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু এ সিদ্ধান্তকে খুব একটা কাজে লাগাতে পারেনি তার দল। মাত্র ৪ উইকেট নিতে পেরেছে অস্ট্রেলিয়ার, স্বাগতিকরা প্রথম দিন শেষ করেছে ২০৯ রানে।

শনিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টি বেশ কয়েকবার ভেস্তে দিয়েছে। প্রথম সেশনে খেলা হয়েছে মাত্র ১৩.৫ ওভার। তবে প্রথম স্পেল বাদ দিলে বোলিংয়ে যে ইংল্যান্ড খুব খারাপ করেছে তাও বলা যায় না। অস্ট্রেলিয়াকে প্রতি ওভারে ২.৫ করে রান দিয়েছে তারা এবং দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে হাফসেঞ্চুরির আগেই ফিরিয়ে দিয়েছে।

হাফসেঞ্চুরি না করার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার১০২ বলে ৪৭ রানে ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন ওয়ার্নার। প্রথম টেস্ট খেলতে নেমে ক্রেইগ ওভারটন ৪০ রানে বোল্ড করেন স্মিথকে। উসমান খাজাকেও হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হতো। তিনি ৪৪ রানে মার্ক স্টোনম্যানের কাছে জীবন পেয়ে নবম হাফসেঞ্চুরি করেন ৮৯ বলে। ১১২ বলে ৫৩ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন খাজা।

পিটার হ্যান্ডসকম্ব ৩৬ ও শন মার্শ ২০ রানে অপরাজিত ছিলেন। তাদের ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

ইংলান্ডের পক্ষে অ্যান্ডারসন, ওভারটন ও ওকস একটি করে উইকেট নেন।