আম্পায়ারিং নিয়ে প্রশ্ন কুমিল্লা কোচের

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন কুমিল্লা কোচ সালাউদ্দিনআগের দিন সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের ব্রেন্ডন ম্যাককালাম আম্পায়ারদের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন তোলার যথেষ্ট কারণও ছিল। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুরের দুই ব্যাটসম্যান দুটি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছিলেন। এর আগেও বেশ কিছু বাজে সিদ্ধান্ত এসেছে আম্পায়ারদের কাছ থেকে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আম্পায়ারিংয়ের দিকে আঙুল তুললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকার বিপক্ষে রংপুর সেরা একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ায় সুযোগ পান জনসন চার্লস। কিন্তু বাজে সিদ্ধান্তে বলি হতে হয়েছে ভালো খেলতে থাকা এই ক্যারিবিয়ানকে। শুধু তিনি নন, রংপুরের আরেক ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের আউট নিয়েও রয়েছে বিতর্ক। তার ব্যাটে বল হালকা ছোঁয়া লাগিয়ে গেলেও ঠিকমতো ধরতে পারেননি উইকেটরক্ষক জহুরুল ইসলাম, মাটি থেকে তুলে বল গ্ল্যাভসে নেন তিনি। সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের কাছে গেলে রিপ্লে দেখার পরও আউট ঘোষণা করা হয়।

আম্পায়ারিংয়ের অবস্থা যখন এই, তখন আম্পায়ারদের মান নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। ম্যাককালামের পর কুমিল্লার কোচ সালাউদ্দিনও আঙুল তুলেছেন আম্পায়ারিংদের দিকে। শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা কুমিল্লার কোচ বলেছেন, ‘কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এখন আম্পায়ারিং কেমন করবে, উইকেট কেমন হবে- এটা নিয়ে চিন্তা করে খেলা খারাপ করার কোনও মানে নেই। আমরা আশা করব, এই ধরনের টুর্নামেন্টে ভালো আম্পায়াররা থাকবেন।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার কাছে মনে হয় টুর্নামেন্টে এমন অনেক আম্পায়ার ছিল, যারা এই পর্যায়ে আম্পায়ারিং করেনি। তাই বলব, আমাদের দেশে যারা ভালো আছে, তাদের দিয়ে কিংবা বাইরে থেকে ভালো আম্পায়ার নিয়ে আসুক।’

রংপুরকে ৯৭ রানে অলআউট করেও কুমিল্লাকে খুব কষ্ট করে জিতেছিল হয়েছিল এক ম্যাচে। ওই ম্যাচ শেষেই উইকেট ও আউটফিল্ডের সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। যাতে কুমিল্লা অধিনায়ক পেয়েছেন কারণ দর্শানোর নোটিশ। দুই দিন পর উইকেটের পক্ষে কথা বলেন আবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এমনকি তিনি খেলোয়াড়দের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে কথা তুললেই সালাউদ্দিনের ক্ষোভ, ‘অনেকে বলছে আমাদের ছেলেদের দক্ষতা নেই। এখানে তো অনেক বাইরের খেলোয়াড়রাও আসছে। তাদেরও কি দক্ষতা নেই? তারাও রান করতে পারছে না। উইকেটটা আশা করি ভালো হবে।’

তামিম শুক্রবার নিজের দক্ষতার প্রমাণ দেবেন বলেই বিশ্বাস কুমিল্লা কোচের, ‘তামিমের এই উইকেটে আরও ভালো খেলার সুযোগ আছে। এই ধরনের উইকেটেও তামিম আগে ভালো ইনিংস খেলেছে। বিশেষ করে দুটি টেস্ট জিতিয়েছে। আশা করি, তামিম এই উইকেটে ভালো করে দেখাতে পারবে তার দক্ষতা কোন পর্যায়ের।’