কুমিল্লার বিপক্ষে ঢাকা ‘আন্ডারডগ’

ঢাকার কোচ খালেদ মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরেছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার এই দলের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নামবে ঢাকা। লিগ পর্বে মুখোমুখি প্রথম ম্যাচ ৪ উইকেটে হারের পর ফিরতি ম্যাচে ঢাকাকে মাঠ ছাড়তে হয় ১২ রানে হেরে। শুক্রবার তৃতীয়বার মুখোমুখি হওয়ার আগে সে কারণেই কুমিল্লার বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ।

বৃহস্পতিবার বিকালে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহমুদ। সেখানেই কুমিল্লার বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে কাল (শুক্রবার) আমরা আন্ডারডগ হিসেবে খেলব। কুমিল্লা আমাদের বিপক্ষে দুটো ম্যাচই জিতেছে। দারুণ খেলছে। আমরাও ভালো খেলছি, তবে আমাদের ধারাবাহিকতার একটু অভাব ছিল। দুই ভেন্যুতে দুই শ রানের উপরে করেছি, আবার কিছু ম্যাচে দেড় শ রানের কমও করছি। তো ওই জায়গায় একটু ধারাবাহিকতার অভাব ছিল।’

কুমিল্লা ১২ ম্যাচে ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার খেলবে ঢাকার বিপক্ষে। সমান ম্যাচে ঢাকার পয়েন্ট ১৫। প্রতিপক্ষ হিসেবে কুমিল্লা কতটা শক্তিশালী, এমন প্রশ্নে মাহমুদের জবাব, ‘প্রতিপক্ষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না্, কেবল নিজেদেরটাই করতে পারব। যখন টপ অর্ডার পারফর্ম করে, তখন বেশি কিছু লাগে না। আমাদের টপ অর্ডার ভালো করলে আর কোনও দুচিন্তা নেই।’

মিরপুরে টস জেতা দলই বেশিরভাগ ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে টস জেতাটা বেশ গুরুত্বপূর্ণ। ঢাকার কোচ অবশ্য টস নিয়ে খুব বেশি ভাবছেন না, ‘টসটা আসলে মাথায়ই নেই। গেম প্লানই গুরুত্বপূর্ণ। আপনার প্রতিপক্ষ কে, কতটা রিড করতে পারছেন, সেটাই বড় ব্যাপার। আগে ব্যাটিং কিংবা পরে ব্যাটিং বিষয় না, শুরুটা ভালো করা জরুরি।’

গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশিদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ‘গতকাল (বুধবার) সাকিব দায়িত্ব নিয়েছিল, আমি চাই আমার বিদেশি খেলোয়াড়রাও এমন দায়িত্ব নিয়ে খেলুক। আমি বলছি না যে, আলাদা বাড়তি দায়িত্ব। আমি চাই তারা খেলা উপভোগ করুক। মাঠে ফল কী হয় না হয়, সেটা পরের ব্যাপার। কিন্তু উপভোগ করুক।’