নেই দু প্লেসিস, চার দিনের টেস্ট নেতৃত্বে ডি ভিলিয়ার্স

ডি ভিলিয়ার্স ও দু প্লেসিসঅসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ঐতিহাসিক চার দিনের টেস্টে খেলবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস। তার বদলে এই ম্যাচে নেতৃত্ব দেবেন প্রায় দুই বছর পর টেস্টে ফেরা এবি ডি ভিলিয়ার্স।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর আর কখনও মাঠে নামতে পারেননি দু প্লেসিস। চোটের অস্ত্রোপচার করানোর পর প্রায় দেড় সপ্তাহের বিশ্রামে ছিলেন তিনি। ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করছিলেন প্রোটিয়া অধিনায়ক। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট দলে ছিলেন তিনি।

কিন্তু আচমকা ভাইরাস সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন দু প্লেসিস। মঙ্গলবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকা এক বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না তারা। ভারত সিরিজের আগে তাকে সুস্থ ফিরে পেতে কোনও ঝুঁকি নিতে চায় না বোর্ড।

দুই বছর পর টেস্টে ফিরে আবারও নেতৃত্বে ডি ভিলিয়ার্স। কাকতালীয় যে ২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হাশিম আমলা সরে দাঁড়ালে দুই টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি। ওই সিরিজের পর তাকে স্থায়ীভাবে নেতৃত্ব দিয়েছিল বোর্ড। কিন্তু ইনজুরি তাকে ছিটকে দেয় লম্বা সময়ের জন্য। পাঁচ দিনের ক্রিকেটে তো  স্বেচ্ছায় নির্বাসিত হলেও আবার ফিরে এসেছেন ডি ভিলিয়ার্স। পেয়ে গেলেন ঐতিহাসিক টেস্টের নেতৃত্বও।