চার দিনের টেস্ট দুই দিনেই শেষ!

কাগিসো রাবাদার উইকেট উদযাপনক্রিকেট ইতিহাসের প্রথম চার দিনের টেস্ট। কিন্তু সেটা উপভোগের সুযোগ আর হলো কই! মাত্র দুই দিনেই যে শেষ হয়ে গেছে ঐতিহাসিক টেস্টটি। বোলিংয়ে জিম্বাবুয়ের ওপর ঝড় বইয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতে নিয়েছে ইনিংস ও ১২০ রানে।

সময়ের হিসাব নির্দিষ্ট করে বললে পোর্ট এলিজাবেথ টেস্টের আয়ুষ্কাল পৌঁনে দুই দিন। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার ১৫ মিনিট আগে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ১২১ রানে। প্রথম ইনিংসে সফরকারীরা মাত্র ৬৮ রানে গুটিয়ে যাওয়ায় ফলোঅন করিয়েছিল প্রোটিয়ারা, তাই জয়টা এসেছে তাদের ইনিংস ব্যবধানে।

বল হাতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছিলেন মরনে মরকেল। আর দ্বিতীয় ইনিংসে দায়িত্বটা তুলে নিলেন প্রথম ইনিংসে বোলিংয়ের ‍সুযোগ না পাওয়া কেশব মহারাজ। তার স্পিন জাদুতে হেসেখেলে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। মরকেলের মতো মহারাজও পেয়েছেন ৫ ‍উইকেট।

যদিও দ্বিতীয় ইনিংসে শুরুটা মন্দ ছিল না জিম্বাবুয়ের। দক্ষিণ আফ্রিকার ৩০৯ রানের জবাবে প্রথম ইনিংসে যেখানে ৬৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটি থেকেই পায় ৫৪ রান। কিন্তু চামু চিবাবার (১৫) আউটের পর আবারও সেই পুরনো দৃশ্য। সেটা আরও ভয়াবহ রূপ নেয় ব্রেন্ডন টেলরের (১৬) আউটের পর। ১ উইকেটে স্কোর যেখানে ছিল ৭৫, সেখানে পরের ৪৬ রান তুলতেই জিম্বাবুয়ের নেই ৯ উইকেট!

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোর ক্রেগ এরভিনের, ৫৮ বলে করেছেন ২৩ রান। আর ১৮ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

বল হাতে মরকেল ২১ রানে ৫ উইকেট কিংবা ৫৯ রানে মহারাজ ৫ উইকেট পেলেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এইডেন মারক্রাম। বোলারদের দাপট দেখানো টেস্টে এই ওপেনার খেলেছেন ১২৫ রানের অসাধারণ এক ইনিংস। ক্রিকইনফো