বাংলাদেশের কোচের চেয়ার ছেড়ে হাথুরুসিংহে দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার। নতুন জায়গায় তার মিশন শুরু হচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। পাঁচ সপ্তাহের লম্বা এই সফর সামনে রেখে বৃহস্পতিবার দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন তিনি। প্রথম দিনের অনুশীলনে ২৩ খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন হাথুরুসিংহে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বাংলাদেশ সফর নিয়ে তার ভাবনার কথা।
বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তার সবকিছুই জানা। তার অধীনেই টাইগাররা পেয়েছে সবচেয়ে বড় সাফল্যগুলো। দেশের মাটিতে হয়ে উঠেছে মাশরাফি-সাকিবরা ভয় ছড়ানো দল। হাথুরুসিংহের কোনও কিছুই অজানা নয়। বাংলাদেশে কাটানো অভিজ্ঞতা থেকে সামনের বছরের সিরিজ নিয়ে তাই বেশ সতর্ক এই কোচ। টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে তার বক্তব্য, ‘বাংলাদেশে আবার আমার ফেরা নিয়ে অনেক আগ্রহের জন্ম হচ্ছে। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারছি না। আর গত দুই বছর ধরে বাংলাদেশ তাদের নিজেদের মাটিয়ে শক্তিশালী দল। তাই আমাদের জন্য এটা বিশাল চ্যালেঞ্জ।’
ভারত সফরটা ভালো কাটেনি শ্রীলঙ্কার। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাজেভাবে। হাথুরুসিংহে অবশ্য অতীত নিয়ে খুব একটা আগ্রহী নন, সামনের দিকেই তার নজর, ‘আমার চ্যালেঞ্জ হলো দলের প্রতিভাবান খেলোয়াড়দের তৈরি করা। আমার লক্ষ্য সামনের বছরের বিশ্বকাপ, যেটা হবে সাদা বলে। আর লাল বলে আমার চ্যালেঞ্জ সামনের সিরিজ।’
যে সিরিজে তিনি মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের। যে দলকে বদলে দেওয়ার পেছনে হাথুরুসিংহের অবদান অনেক। ক্রিকবাজ