২৭ ডিসেম্বর থেকে খালেদ মাহমুদের তত্ত্বাবধানে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। রাহী ছাড়াও এ ক্যাম্পে পুরানোদের সঙ্গে সুযোগ পেয়েছেন বেশকিছু নতুন মুখ। তবে মূল দলে সুযোগ পেতে আশাবাদী বিপিএলের পঞ্চম আসরে ১২ ম্যাচে ১৮ উইকেট নেওয়া এই পেসার।
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে কাজে লাগাতে পারবেন বিশ্বাস রাহীর। মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘বিপিএলে অনেক আন্তর্জাতিক ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। এদিক থেকে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। জাতীয় দলের ক্যাম্পে আছি। বড় ভাইরা সবাই খুব সহযোগিতা করছে। আমার মনে হয়, আন্তর্জাতিক ক্রিকেটেও আমি আমার এই সাফল্য ধরে রাখতে পারব।’
২৪ বছর বয়সে এসে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন রাহী। প্রচেষ্টাই তাকে দেরিতে হলেও সুযোগ করে দিয়েছে মনে করেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ এই পেসার, ‘সব সময় বিশ্বাস রেখেছি, চেষ্টা করতে থাকলে একদিন না একদিন সুযোগ পাবই। যেহেতু অনেক দিন পর ডাক পেয়েছি, তাই অনেক দিন জাতীয় দলে খেলার মতো করে নিজেকে প্রস্তুত হতে চাই। জাতীয় দলে একবার সুযোগ পেলে অনেকদিন খেলতে পারব বলে আশাবাদী আমি।’
ক্রিকেটাররা প্রস্তুতি নিতে থাকলেও কোচিং স্টাফরা এখনও দলের সঙ্গে যোগ দেননি। বোলিং কোচ কোর্টনি ওয়ালশ থাকলে ভালো হতে বলে মনে করেন রাহী, ‘অবশ্যই (ওয়ালশ থাকলে) ভালো হতো। কিন্তু স্যার (খালেদ) যেগুলো করছে, পেস বোলিং কোচরা একই কথাই বলে। তার কথা ও অন্য বোলিং কোচের কথা অনেকটা সমান। তিনি হয়তো কয়েকদিনের মধ্যে আসবেন, তখন সমস্যাগুলো জেনে নেওয়া যাবে।’
বোলারদের শেষ মুহূর্তে ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ মনে করেন রাহী, ‘ম্যাচ জেতার জন্য বোলারদের অবদান থাকা উচিত। আর আমরা লোয়ার অর্ডাররা যদি ২০-২৫ রান যোগ করতে পারি, তাহলে দলের জন্য খুব ভালো হয়।’