২০১৭ র‌্যাংকিং: তিন ফরম্যাটেই অলরাউন্ডার সাকিবের রাজত্ব

সাকিব আল হাসান (ছবি: ক্রিকউইজ ফাইল)ব্যাটে-বলে সাকিব আল হাসান দারুণ ছন্দে ছিলেন গত বছর। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ছিলেন সবার উপরে। যদিও অক্টোবরে ওয়ানডের শীর্ষস্থানটা মোহাম্মদ হাফিজের কাছে হারিয়ে ২০১৭ সাল শেষ করেছেন। তবে পুরো বছরের হিসাবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তিন ফরম্যাটের রাজত্ব ছিল বাংলাদেশি তারকার দখলেই।

২০১৮ সালের প্রথম দিন সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছর টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা সাকিবকে মাঝেমধ্যে অদল-বদল করতে হয়েছে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশি অলরাউন্ডারকে কখনও কখনও শীর্ষস্থান ছাড়তে হয়েছে হাফিজ ও গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে।

টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২০১৭ সালে সাকিব ২৮৪ দিন এক নম্বরে ছিলেন। বছরটাও শেষ করেছেন সেখানে থেকে। অশ্বিন ৭২ ও জাদেজা ছিলেন বাকি ৯ দিন।

একদিনের ক্রিকেটে সাকিব গত বছর সেরা অলরাউন্ডার ছিলেন ২৮৩ দিন। বাকি ৮২ দিন শীর্ষস্থানটি ছিল হাফিজের দখলে। টি-টোয়েন্টিতে বলা চলে, একচ্ছত্র আধিপত্য করেছেন সাকিব। ৩১০ দিন সবার উপরে ছিলেন এই বাঁহাতি তারকা, বাকি ৫৫ দিন এক নম্বর হওয়ার স্বাদ নেন ম্যাক্সওয়েল।