রবিবার যুব বিশ্বকাপের প্লে-অফে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ যখন জয়ের আনন্দে মাতোয়ারা, তখন হয়তো এর অংশীদার না হওয়ার আফসোস ছিল না নাঈমের মনে। কারণ তার চোখ এখন ৩১ জানুয়ারি ঘরের মাঠের টেস্টে। চট্টগ্রামের এই ক্রিকেটার নিজ মাঠে অভিষিক্ত হচ্ছেন, এর চেয়ে বড় পাওয়া আর কী-ই বা হতে পারে!
পাঁচ বছর বয়সে বাবার কাঁধে চড়ে চট্টগ্রামের বিভিন্ন মাঠে ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন নাঈম। সেই থেকেই ক্রিকেটের সঙ্গে প্রেম তার। নিজ শহরের ক্রিকেট তারকা তামিম-আফতাবদের ব্যাটিং দেখেই তার ক্রিকেটার হয়ে ওঠা।
এরপর ক্রিকেটের প্রতিটি ধাপই চট্টগ্রাম থেকে শুরু হয় নাঈমের। এবারও ঘরের মাঠে সুযোগ জাতীয় দলের জার্সিতে মাঠে নামার। এই স্বপ্নের কথা বলতে বলতেই আপ্লুত হয়ে পড়লেন নাঈম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে চট্টগ্রামে অভিষেক হলে খুব ভালো লাগবে। যেখানে বড় হয়েছি, যেখানে ক্রিকেটের হাতেখড়ি- সেখানে যদি জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারি, এরচেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি এটাই ভাবি, অন্য সব টুর্নামেন্ট কিংবা লিগের মতো চট্টগ্রামেই যদি টেস্টে অভিষেক হতো আমার।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন টিম মিটিংয়ে হুট করেই নাঈমের কাছে খবর যায়, তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন। তার এই আনন্দে ভাগ বসিয়েছিল সতীর্থরাও। অধিনায়ক সাইফ হাসান চট্টগ্রামেই নাঈমের অভিষেক হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। এ ব্যাপরে রোমাঞ্চিত নাঈম বলেছেন, ‘সবাই খুশি হয়েছে। সাইফ তো বলেই দিলো, চট্টগ্রাম টেস্টেই অভিষেক হয়ে যাবে আমার।’
ফিরে আসার সময় সতীর্থদের কাছে পরামর্শ পেয়েছেন নাঈম। এসবই এখন তার অনুপ্রেরণা, “আমার সতীর্থরা বলেছে ‘ওখানে (চট্টগ্রাম) যাদের বিপক্ষে খেলবে, মনে করবে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেই খেলছো।’ খেলাটাকে উপভোগ করতে বলেছে সবাই।”
নিউজিল্যান্ডে সতীর্থদের রেখে আসতে খুব খারাপ লেগেছে নাঈমের, “ওদের ছেড়ে আসতে খারাপ লেগেছে। সাইফ বলেছে ‘জাতীয় দলে তুমি যাচ্ছো আমাদের দলের প্রতিনিধি হিসেবে’।”
গত বছর আগস্টে চট্টগ্রামে ক্যাম্প করেছিল বাংলাদেশ। ওই ক্যাম্পের সময় বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই অফস্পিনারকে দেখে পছন্দ করেছিলেন। সেটাই অনুপ্রেরণা হয়ে আছে নাঈমের কাছে।
টেস্ট ম্যাচ পছন্দ করেন ৬ ফুট উচ্চতার নাঈম। কারণটা জানালেন তিনি, ‘লম্বা সংস্করণের ম্যাচে বোলারদের অনেক সুযোগ থাকে। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খারাপ করলে ঘুরে দাঁড়ানোর সময় পাওয়া যায় না। কিন্তু টেস্ট ম্যাচে অনেক সময় পাওয়া যায়।’
৬ ফুট লম্বা নাঈম নিজের শক্তির জায়গা নিয়ে দারুণ রোমাঞ্চিত। সুযোগ পেলে সবার প্রত্যাশা পূরণ করতে উন্মুখ হয়ে আছেন তিনি, ‘উচ্চতার কারণে আমি বাউন্সার দিতে পারি। একই জায়গায় টানা বোলিং করে যাওয়া আমার জন্য কঠিন কোনও কাজ নয়। বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে আমার আর্ম বলটা খুব ভালো হয়। বলটাকে আমি কিছুটা ভেতরে ঢুকাতে পারি।’