একাদশে রাজ্জাককে না রাখার ব্যাখ্যা দিলেন সুজন

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনহঠাৎ করেই চট্টগ্রাম টেস্টের দলে সুযোগ পেয়েছেন আব্দুর রাজ্জাক। কিন্তু এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে একাদশে রাখা হয়নি, বরং টেস্ট অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে রাজ্জাককে একাদশে না রাখার কারণ জানালেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, অভিজ্ঞতার কারণেই রাজ্জাককে দলে নেওয়া হয়েছে। ইনজুরিতে পড়া সাকিবের শূন্যস্থান পূরণে সানজামুল আর তানভীরকে দলে নেওয়া হয় শুরুতে। তবে  অভিজ্ঞতা বিবেচনা করে রাজ্জাককেও দলের সঙ্গে যোগ দিতে বলা হয়।

ম্যাচ শুরুর ঠিক আগে সানজামুলকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন রাজ্জাক। যদিও অভিষেক টেস্টের তৃতীয় দিন শেষে বল হাতে সানজামুলের প্রাপ্তি শূন্য। ব্যাট হাতে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও বাঁহাতি স্পিনে ৩৭ ওভারে ১২৮ রানের বিনিময়ে একটিও উইকেট নেই।

কয়েক দিন আগে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেট ৫০০ উইকেট শিকার করা রাজ্জাককে কেন একাদশে রাখা হলো না? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে আত্মপক্ষ সমর্থনের সুরে সুজন বললেন, ‘বিশেষ কোনও কারণ নেই, আসলে রাজ্জাক অনেক দিন আমাদের সঙ্গে  ছিল না। যদিও তার অভিজ্ঞতা নিয়ে কিছু বলার নেই। সানজামুলের ওপরে আমাদের আস্থা একটু বেশিই ছিল, তাছাড়া সে বেশ কিছু দিন ধরে জাতীয় দলের সঙ্গেও আছে।’

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ২৭৪ উইকেট শিকার করা রাজ্জাককে নেওয়ার ব্যাখ্যাও দিলেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর, ‘রাজ্জাককে নিয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা ছিল। হঠাৎ করে তাকে আনা হয়নি, পরিকল্পনা করেই আনা হয়েছে। তবে একাদশ নির্বাচনের সময় আমরা চিন্তা করেছি, রাজ্জাককে আরেকটু সময় দেওয়া দরকার। দলের সঙ্গে আরও কিছু দিন থেকে স্কিল আর ফিটনেস নিয়ে কাজ করলে তার পক্ষে মানিয়ে নেওয়া সহজ হবে।’