চাহালের স্পিনে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা

ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিলেন চাহালযুজবেন্দ্র চাহালের লেগব্রেক গুগলিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা। রবিবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ানডেতে তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ভারত লক্ষ্য পায় মাত্র ১১৯ রানের। টানা দ্বিতীয় জয়ের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি বিরাট কোহলিদের। ৯ উইকেটে জিতে ছয় ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকলো ভারত।

ডারবানে প্রথম ম্যাচটি ভারত জিতেছিল ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ৩২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে অলআউট করে তারা। ভারত ২০.৩ ওভারে ১ উইকেটে করে ১১৯ রান।

ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং ধসে সবচেয়ে বড় ভূমিকা রাখেন চাহাল। ৮.২ ওভারে ১ মেডেনসহ ২২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি।

১৯ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় টস হেরে ব্যাট করতে নামা প্রোটিয়ারা, যার চারটিই টানা ৪ ওভারে তুলে নেন চাহাল। বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ৩ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার।

হাফসেঞ্চুরি করেছেন ধাওয়ানদক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন খায়া জোন্ডো ও জেপি দুমিনি। তাদের ৪৮ রানের জুটিই ছিল ইনিংসের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে মাত্র ৮ রান করেন অ্যাইডেন মারক্রাম। ৩৯ রানের দ্বিতীয় সেরা জুটি আসে দুই ওপেনার হাশিম আমলা (২৩) ও কুইন্টন ডি ককের (২০) ব্যাটে।

ছোট লক্ষ্যে নেমে চতুর্থ ওভারে রোহিত শর্মা (১৫) উইকেট হারান। আর কোনও বাধার মুখোমুখি হয়নি সফরকারীরা। কোহলি ও শিখর ধাওয়ানের অপরাজিত ৯৩ রানের জুটিতে ২৯.৩ ওভার হাতে রেখে জয় পায় ভারত।

জয়ের পথে কোহলির শটজয়ের আগ মুহূর্তে অদ্ভুত ঘটনা ঘটেছে। ১৯ ওভার শেষে লক্ষ্য থেকে মাত্র ২ রান দূরে থাকতে লাঞ্চ বিরতির ঘোষণা আসে। সেখানেই হয়তো জয় উৎসব করে ফেলেছিলেন কোহলিরা। অবশ্য সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারা বিরতির পর মাঠে নামার ১.৩ ওভার খেলে। কোহলি অপরাজিত ছিলেন ৪৬ রানে, ৫১ রানে অন্য প্রান্তে ছিলেন ধাওয়ান।

আগামী ৭ ফেব্রুয়ারি কেপটাউনে হবে সিরিজের তৃতীয় ম্যাচ। ক্রিকইনফো