শুভাগতর অলরাউন্ড পারফরম্যান্সে জিতলো শাইনপুকুর

ম্যাচ জেতানোর হাসি শুভাগতর মুখে (ছবি: বিসিবি)ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিলেন শুভাগত হোম। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে জেতালেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর ও শাইনপুকুর। টস জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাট করার আমন্ত্রণ জানান শুভাগত। ৭ উইকেটে তাদের ১৮৮ রানে বেধে দেয় শাইনপুকুর। মাত্র ৫ উইকেটে তারা ১৮৯ রান করে ৩৩.৫ ওভারে।

৬১ রানে ৪ উইকেট হারায় দোলেশ্বর। শাহানুর রহমানের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে ওই বিপদ সামাল দেন মার্শাল আইয়ুব। ইনিংস সেরা ৭৪ রান করেন তিনি। ৩২ রান করেন শাহানুর। শুভাগত ও সুজন হাওলাদার দুটি করে উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার।

ছোট লক্ষ্য দিয়েও ৫৮ রানে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দারুণ শুরু করেছিল দোলেশ্বর। কিন্তু শুভাগত ক্রিজে দাঁড়িয়ে যান আফিফ হোসেনকে নিয়ে। তাদের দুজনের ফিফটিতে ১১৩ রান যোগ করে এ জুটি।

৩০তম ওভারে আফিফ ৫৬ রানে ফিরে গেলে ভাঙে এই জুটি। ইনিংস সেরা ৫৮ রানে পরের ওভারে আউট হন শুভাগত। তৌহিদুল হৃদয় (৯) ও সাইফউদ্দিন (৮) ক্রিজে থেকে বাকি রান করে ফেলেন।