ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও শীর্ষ বোলার রশীদ

রশীদ খানগত মঙ্গলবার ওয়ানডের র‌্যাংকিংয়ে সর্বকনিষ্ঠ শীর্ষ বোলার হয়েছিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান। যৌথভাবে সেখানে তার সঙ্গে এক নম্বরে আছেন ভারতের জশপ্রীত বুমরাহ। তবে এককভাবে টি-টোয়েন্টির ‘নম্বর ওয়ান’ হলেন রশীদ।

জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচে ৮.৪০ গড়ে ও ৫.২৫ ইকোনমি রেটে পাঁচ উইকেট নিয়েছিলেন আফগান স্পিনার। এটাই তাকে এক ধাপ উপরে তুললো। ৭৫৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রশীদ। তার পরেই আছেন আরেক লেগস্পিনার। নিউজিল্যান্ডের ইশ সোধি (৭০০) তার চেয়ে ৫৯ পয়েন্ট পেছনে।

বোলার র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি ২ ধাপ এগিয়ে তিন নম্বরে। তিন ধাপ এগিয়ে চার নম্বরে পাকিস্তানের ইমাদ ওয়াসিম। শীর্ষ পাঁচের বাকি বোলার হলেন বুমরাহ।

শুধু বোলার র‌্যাংকিং নয়, ব্যাটসম্যান ও অলরাউন্ডারের শীর্ষস্থানেও নতুনত্ব এসেছে। তিন ধাপ এগিয়ে শীর্ষ ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কলিন মুনরো। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে প্রায় ২১০ স্ট্রাইকিং রেটে তিনি করেছেন ১৭৬ রান।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানকে টপকে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ত্রিদেশীয় সিরিজে ২৩৩ রান করে ও ৩ উইকেট নিয়ে তৃতীয়বার এক নম্বর অলরাউন্ডার হলেন তিনি। ক্রিকইনফো