সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে আকরামের দেওয়া ওই বক্তব্য পত্রিকায় প্রকাশও হয়েছে। এমন খবর দেখে যারপরনাই বিস্মিত বুলবুল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ উগরে দিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
ফেসবুকে বুলবুল লিখেছেন, ‘নিউজটির শিরোনাম দেখে আমি বিস্মিত, হতাশ ও বিরক্ত। আমি বিসিবি থেকে কোনও পর্যায়ের (অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দল) কোচিং করানোর আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। এমনকি শেষ বিপিএলে ক্যাপ্টেন বক্সে অধিনায়কদের তালিকাতে আমার নাম ছিল না।’
তিনি আরও লিখেছেন, ‘প্রতি বছরই আমি বিপিএল ও ডিপিএলে কোচিংয়ের প্রস্তাব পাই। এজন্য আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আমি সেই প্রস্তাব ফিরিয়ে দেই, কারণ এক মাসের কোচিং করানোর জন্য আমি আমার চাকরি ছাড়তে পারি না।’
আকরাম কার পক্ষে কথা বলছেন সেটা নিয়ে প্রশ্ন বুলবুলের, ‘আকরাম খান কি ক্রিকেট অপারেশনসের হয়ে কথা বলেছে নাকি বিসিবি কিংবা তার বিপিএল দলের হয়ে?’
মিথ্যা খবরে ক্ষুব্ধ বুলবুল, ‘প্রস্তাব না পাওয়ায় আমার দুঃখ নেই। কিন্তু এসব মিথ্যাচারে আমি খুবই ক্ষুব্ধ। দয়া করে সততার সঙ্গে কথা বলবেন এবং কাজ করবেন।’
সব শেষে বাংলাদেশের ক্রিকেটের দুর্দশা তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নতি এখন আইসিইউতে।’