৬৯ রানের মধ্যে কোয়েটা চার উইকেট হারালে ব্যাট করতে নামেন মাহমুদউল্লাহ। অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে মাত্র ২৩ রানের জুটি গড়েন তিনি। ১৩ বলে তার ১৫ রানের ইনিংসে ছিল কেবল একটি ছয়।
১৩তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ ইরফানের বাড়তি বাউন্সে উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ।
এর আগে বুধবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে কোয়েটার একাদশে প্রথমবার জায়গা হয় মাহমুদউল্লাহর। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা বাংলাদেশি অলরাউন্ডার একাদশে জায়গা পেলেও নিজেকে মেলে ধরার সুযোগ পাননি। অধিনায়ক সরফরাজ বোলিংয়ে তাকে প্রয়োজন মনে করেননি। আর ব্যাটিংয়ে নামার সুযোগটাই হয়নি মাহমুদউল্লাহর, তার আগেই সহজ লক্ষ্য পেরিয়ে যায় কোয়েটা।
তারপর পেশাওয়ার জালমির বিপক্ষে কোয়েটার চতুর্থ ম্যাচের একাদশ থেকে আবার বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশি অলরাউন্ডারের দ্বিতীয় ম্যাচে কোয়েটা ইমরান তাহিরের হ্যাটট্রিকে মাত্র ১৫.৪ ওভারে ১০২ রানে অলআউট হয়। সরফরাজ সর্বোচ্চ ৩০ রান করেন। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৮ রান করে মুলতান। তাদের ৯ উইকেটের জয়ে কুমার সাঙ্গাকারা ৪৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।