সাকিবের অভাবটা পূরণ করতে দলের ১১ জনকে একসঙ্গে পারফরম্যান্স করতে হবে মনে করেন অলরাউন্ডার সোহান, ‘সাকিব ভাইয়ের অভাবটা অপূরণীয়। লক্ষ্য থাকবে যেন দল হিসেবে ভালো খেলতে পারি। তার অভাব পূরণ করা সম্ভব না। তবে চেষ্টা থাকবে, সবাই মিলে তার অভাব পূরণ করার।’
এই ঢাকা প্রিমিয়ার লিগে সোহান দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। শেখ জামাল ধানমন্ডির হয়ে ৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিসহ ৪১৪ রান করেছেন তিনি। একটি টেস্ট আর দুটি ওয়ানডে খেললেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে ৯টি টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন। যদিও ৮ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৭৮। নিজের লক্ষ্য নিয়ে সোহান বলেছেন, ‘আমার মূল লক্ষ্য দলের পরিস্থিতি অনুযায়ী খেলা। দল যেভাবে চাইবে, সেভাবেই খেলতে চাই।’
২০১৭ সালের জানুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোহান। এই অলরাউন্ডার নিদাহাস ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে দল হিসেবে ভালো খেলার। আমরা শেষ কয়েকটা বছর ভালো খেলছি। হয়তো শেষ সিরিজটা আমাদের খারাপ গেছে। সবাই এখন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে। আশা করি আমরা শ্রীলঙ্কাতে ঘুরে দাঁড়াতে পারব।’
মাহমুদউল্লাহ নেতৃত্বে খেলতে মুখিয়ে সোহান, ‘মাহমুদউল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমি প্রিমিয়ার লিগে আগেও দুই তিন বছর খেলেছি। জাতীয় দলে তার নেতৃত্বে খেলাটা আমি উপভোগ করব।’