বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের জয়ে শুরু

ঝড়ো এক ইনিংস খেললেন সিকান্দার রাজাআইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ বিশাল জয়ে শুরু করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতের রবিবার তারা নেপালকে ১১৬ রানে হারিয়েছে ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজার সেঞ্চুরিতে। আরেক ম্যাচে বাজে একটা দিন গেছে আফগানিস্তানের, ক্যালাম ম্যাকলিওডের অপরাজিত সেঞ্চুরিতে তাদের ৭ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড।

টেলর ও সিকান্দারের সেঞ্চুরিতে নেপালের বিপক্ষে ৬ উইকেটে ৩৮০ রান করে জিম্বাবুয়ে। ইনিংস সেরা ১২৩ রান করা সিকান্দার বল হাতে নেন ৩ উইকেট। মাত্র ৬৬ বলে ৭ চার ও ৯ ছয়ে সাজানো ছিল তার এই দানবীয় ইনিংস। ৯১ বলে ১০০ রান করেন টেলর।

লক্ষ্যে নেমে ৮ উইকেটে ২৬৪ রানে থামে নেপাল। তাদের পক্ষে বেশবকর সর্বোচ্চ ৫২ রান করেন। ৫০ আসে আরিফ শেখের ব্যাটে।

বিশাল জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে জিম্বাবুয়ে।

ম্যাকলিওডের ব্যাটে একপেশে জয় পেয়েছে স্কটল্যান্ডএকই গ্রুপের আরেক ম্যাচে মোহাম্মদ নবী ও নাজিবউল্লাহ জাদরানের হাফসেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৫৫ রানে অলআউট হয় আফগানিস্তান। ৭১ রানে তারা ৪ উইকেট হারালে নবীর ৯২ ও নাজিবউল্লাহর ৬৭ রানে লড়াই করার মতো সংগ্রহ করে আফগানরা।

কিন্তু সর্বকনিষ্ঠ ওয়ানডে অধিনায়ক রশিদ খানের দিনটা মাটি করে দেন ম্যাকলিওড। ১৪৬ বলে ১৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন স্কটল্যান্ডের ওপেনার। ১৯ বছর ১৬৫ দিনে অধিনায়কত্ব পাওয়া রশিদের লেগ স্পিন থেকেই ৩১ বলে ৪৯ রান করেছেন ম্যাকলিওড।

২১ রানে স্কটিশরা ২ উইকেট হারানোর পর রিচি বেরিংটনকে নিয়ে ২০৮ রানের রেকর্ড জুটি গড়েন ম্যাকলিওড। বেরিংটনকে ৬৭ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন রশিদ। এরপর ম্যাকলিওডের ব্যাটে ১৬ বল বাকি থাকতে সহজে জিতে যায় স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে আয়ারল্যান্ড ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারিয়ে শীর্ষে। পাপুয়া নিউ গিনিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫৬ রানে হারিয়ে দুই নম্বরে সংযুক্ত আরব আমিরাত। ক্রিকইনফো