ডারবানে প্রথম টেস্ট জেতার জন্য আর একটি উইকেট দরকার অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৯ উইকেটে ২৯৩ রানে। এখনও তাদের সামনে ১২৪ রানের লক্ষ্য।
চতুর্থ দিন সকাল সকাল বাকি একটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২২৭ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। এরপর লাঞ্চের আগেই চার ব্যাটসম্যানকে ক্রিজ ছাড়তে দেখেছেন মারক্রাম। ৪৯ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন এই ওপেনার। এই বিপদ সামলে নেন তিনি থেউনিস ডি ব্রুইনের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ে।
২১৮ বলে ১৯ চারে ১৪৩ রান করেন মারক্রাম। ৩৪০ মিনিট ক্রিজ আঁকড়ে ধরে ছিলেন তিনি। এরপর ৮০তম ওভারে স্টার্কের আগুনে পুড়ে ছারখার স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ওই ওভারের দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ভারনন ফিল্যান্ডার, কেশব মহারাজ ও কাগিসো রাবাদাকে ফেরান অসি পেসার।
বাকি একটি উইকেটের জন্য আলোকস্বল্পতার মাঝেও আরও ৯ ওভার বল করেছে অস্ট্রেলিয়া। কিন্তু ডি কক ও মর্নে মরকেলের প্রতিরোধে ম্যাচ শেষ দিনে যায়। ১৩৮ বলে ৮১ রানে অপরাজিত ডি কক, আর মরকেল ২৭ বল খেলে রানের খাতা খোলেননি।
স্টার্ক ৪টি উইকেট নিয়ে দিনের সেরা বোলার। ক্রিকইনফো