‘বুলবুলকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া যায় না?’ সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এমন প্রশ্ন রাখা হয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কাছে। জবাবে বুলবুলের দীর্ঘ দিনের সতীর্থ আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড় ভারতের যুব দল নিয়ে কাজ করছে। এটা জাতীয় দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব-১৯ দল নিয়েও চিন্তা-ভাবনা করছি। বুলবুল আগ্রহ প্রকাশ করলে আমাদের অনূর্ধ্ব-১৯, একাডেমি বা এইচপি দল নিয়ে কাজ করতে পারে। এসব দলে দুই-এক বছর ভালো করলে জাতীয় দলের কোচ হিসেবে সে আসতে পারবে।’
কিছু দিন আগে একটি পত্রিকাকে আকরাম জানিয়েছিলেন, বুলবুলকে কোচ হওয়ার জন্য কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছিল। বুলবুল অবশ্য আকরামের এমন দাবি অস্বীকার করেছেন জোরের সঙ্গে। তবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আবারও একই কথা বললেন দীর্ঘ দিনের সতীর্থকে নিয়ে, ‘তাকে আমরা মৌখিকভাবে বলেছিলাম, কিন্তু সে দায়িত্ব নিতে অস্বীকার করেছে। তবে বুলবুলের জন্য আমাদের দরজা সব সময় খোলা। সে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আমি বিশ্বাস করি, কোচ হিসেবেও তার অনেক কিছু দেওয়ার আছে।’