কেপটাউনে ঘটনার দিন ড্রেসিং রুমে ছিলেন লেম্যান। আর ডাগআউটে ছিলেন হ্যান্ডসকম্ব। ব্যানক্রফটের বল বিকৃতির চেষ্টা নজরে আসতেই লেম্যান ওয়াকিটকিতে হ্যান্ডসকম্বকে বলেন, ‘কী হচ্ছে এসব?’ হ্যান্ডসকম্বকে মাঠের ভেতরে গিয়ে অসি ওপেনারকে তিনি জিজ্ঞাসা করতে বলেছিলেন, ‘দেখ তো, কী হচ্ছে এসব?’
এই তথ্যের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, হ্যান্ডসকম্বের সঙ্গে কথোপকথন থেকে প্রমাণ হয়েছে লেম্যান জড়িত নয়। সিএ’র অনুসন্ধান কমিটির প্রধান ইয়ান রয় গত সোমবার কেপটাউনে টিম হোটেলে কোচের সাক্ষাৎকার নেন। আরও কয়েকজন সাক্ষীর মন্তব্য জোগাড় করেই লেম্যানকে নিরপরাধ ঘোষণা করে বোর্ড।
সাদারল্যান্ড বলেছেন, “ওয়াকিটকিতে তার কথা বলার সত্যতা নিশ্চিত করে আমরা জেনেছি। আপনারাও কেউ কেউ ভিশন স্ক্রিনে দেখতে পেয়েছেন সেটা। বল বিকৃতির বিষয়টি চোখে পড়া মাত্র তিনি নিচে বার্তা পাঠান এবং বলেন, ‘কী হচ্ছে এসব?’ হ্যান্ডসকম্বকে বিষয়টি দেখতে বলেন তিনি। চা বিরতির সময় লেম্যান প্রত্যেককে আলাদা করে ডেকে ঘটনা কী জানতে চেয়েছেন। তদন্তের আরও কিছু অংশ ছিল। কিন্তু ড্যারেনের কৈফিয়ত থেকে এসব নিশ্চিত হয়েছেন ইয়ান রয়।” ক্রিকইনফো