বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে এই ম্যাচে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে শেখ কামাল একাদশকে ২০ রানে হারিয়েছে সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বাধীন শেখ জামাল একাদশ৷
প্রীতি ম্যাচটি শুরু হয় সকাল ১১টার পরে৷ টস জিতে ব্যাট করতে নেমে শেখ জামাল একাদশ ২০ ওভারে স্কোরবোর্ডে ২১৪ রান তোলে৷ দ্বিতীয় ইনিংসে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল শেখ কামাল একাদশ৷ কিন্তু শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয় তারা৷
ম্যাচের প্রথম ইনিংস শেষে মাঠে আসেন মাশরাফি৷ এসময় তাকে ঘিরে শুরু হয় শিক্ষার্থীদের উন্মাদনা৷ মাশরাফিকে এক নজর দেখতে ও তার সঙ্গে সেলফি তুলতে জমে ভিড়৷
এই প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়৷
শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশ্যে মাশরাফি বলেন, 'আমরা যখন কোনও ম্যাচ জিতি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ-মিছিল হয়৷ এই আনন্দ-উল্লাস আমরা টিভিতে দেখি। আমাদের ভালো লাগে৷ আজকের এই প্রীতি ম্যাচের কথা সোহাগ ভাই ও জাকির ভাই বেশ কিছুদিন ধরে বলছিলেন৷ অবশেষে এটা হলো৷ এখানে আসতে পেরে ভালো লাগছে৷'
প্রীতি ম্যাচে আগত সবাইকে ধন্যবাদ জানান উপমন্ত্রী আরিফ খান জয়৷