ক্যারিবিয়ানদের উড়িয়ে পাকিস্তানের সাতে সাত

মোহাম্মদ আমিরের উইকেট উৎসবজয়ের সামান্যতম সম্ভাবনাও জাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে ক্যারিবিয়ানদের আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে পাকিস্তান। করাচির দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

এ নিয়ে টি-টোয়েন্টিতে টানা সপ্তম সিরিজ জিতলো পাকিস্তান। সরফরাজ আহমেদ পাকিস্তানের দায়িত্ব নেওয়ার পর কুড়ি ওভারের ক্রিকেটে হারেননি কোনও সিরিজ। সেই ধারা সচল রেখে দ্বিতীয় সারির দল নিয়ে আসা ক্যারিবিয়ানদের রীতিমত বিধ্বস্ত করছে তারা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে বাবর আজমের হার না মানা ৯৭ রানের ওপর ভর দিয়ে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে স্কোরে জমা করে ৩ উইকেট ২০৫ রান। কঠিন এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪ বল আগেই অলআউট হয়ে যায় ১২৩ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ফখর জামানের (৬) উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বাবর ও হোসেন তালাত গড়েন ১১৯ রানের বিশাল জুটি। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। তালাত ৪১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানে আউট হলেও বাবর চলে গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। কিন্তু বল না থাকায় শতক আর ছোঁয়া হয়নি তার। ৫৮ বলে ১৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ৯৭ রানে।

আসিফ আলী করেন ১৪ রান, আর শোয়েব মালিকের ব্যাট থেকে আসে হার না মানা ১৭ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে একটি করে উইকেট নিয়েছেন রায়াট এমরিট, কেসরিক উইলিয়ামস ও ওডেন স্মিথ।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ আমির (৩/২২), শাদাব খান (২/২৩) ও তালাতের (২/১২) বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। সর্বোচ্চ ৪০ রান করতে পেরেছেন চ্যাডউইক ওয়ালটন। দিনেশ রামদিন করেন ২১ রান। ক্রিকইনফো