বুধবার বিকেএসপিতে ১৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন সৌম্য। ১২৭ বলে ৯ চার ও ১১ ছক্কায় সাজিয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস। সৌম্যর তাণ্ডবে অভিজ্ঞ অলক কাপালিও ভড়কে যান। তার এক ওভারে সৌম্য হাঁকান হ্যাটট্রিক ছক্কা!
এতদিন সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি মাশরাফির দখলে। ২০১৬ সালে কলাবাগানের জার্সিতে শেখ জামালের বিপক্ষে ১১ ছক্কার ৫১ বলে করেছিলেন ১০৪ রান। বুধবার মাশরাফির এই ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সৌম্য। তার ১৫৪ রানের ইনিংসের ওপর ভর করে অগ্রণী ব্যাংক ৩৩৪ রানের পাহাড় গড়ে। ঋষি দেওয়ান ৬৫ বলে করেন ৮০ রান।
ব্রাদার্সের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ ও সাখওয়াত হোসেন ৩টি করে উইকেট নিয়েছেন।
৩৩৫ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। মাত্র ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে পায় ৯৫ রান। দলীয় ১২১ রানে ওপেনিং জুটি ভাঙার পরও রান তোলার গতি সচল ছিল ব্রাদার্সের। মিজানুর ৬২ রানে ফিরে যাওয়ার পর জুনায়েদ ও মাইশুকুর মিলে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন।
জুনায়েদের সঙ্গে মাইশুকুরও মিস করেছেন সেঞ্চুরি। জুনায়েদ ৭৭ বলে ৮৩ ও মাইশুকুর ৯৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন। এরপর দেবব্রত দাস ৬২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যান। তবে দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পর শেষ ওভারের ছড়ায় তুমুল উত্তেজনা। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। নাজমুস সাদাত বাউন্ডারি মেরে ব্রাদার্সকে শুধু জেতালেনই না, অবনমন থেকে উদ্ধার করলেন ব্রাদার্সকে।
অগ্রণী ব্যাংকের ঋষি দেওয়ান সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া ইসলামুল আহসান, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।