এবারের আইপিএলে সাকিব ও মোস্তাফিজের শুরুটা হয়েছে মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরেছে মুম্বাই। শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজনীয় ৭ রান প্রতিহত করার দায়িত্ব পেয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু ব্যর্থ তিনি। ১ বল হাতে রেখে ১ উইকেটে জেতে চেন্নাই। মোস্তাফিজও ছিলেন বেশ খরুচে, ৩.৫ ওভারে ৩৯ রান দিয়ে নেন একটি উইকেট।
মুম্বাইয়ের দুশ্চিন্তায় কেবল মোস্তাফিজ নয়, আরেক পেসার জশপ্রীত বুমরাহ। এই ভারতীয় পেসার ৪ ওভারে ৩৭ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। তাছাড়া মিচেল ম্যাকক্লেনাঘান ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। অবশ্য মায়াঙ্ক মারকান্দের স্বপ্নের অভিষেকের সঙ্গে হার্দিক পান্ডিয়ার গতিময় বোলিং কিছুটা প্রাণ ফিরিয়েছিল মুম্বাইয়ে। দুজনে নেন ৩টি করে উইকেট।
গত ছয় মৌসুম ধরে প্রথম ম্যাচ হেরে শুরু করা মুম্বাই এবার জয়ের খোঁজে পা রাখবে হায়দরাবাদের মাঠে। মোস্তাফিজদের নিষ্ক্রিয় এই বোলিং বিভাগ ছন্দে না ফিরলে বড় বিপদই হতে পারে গতবারের চ্যাম্পিয়নদের। কারণ সাকিবদের হায়দরাবাদ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে জিতেছে প্রথম ম্যাচ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয়ে সাকিব ও রশিদ খানের হিসেবি বোলিং রেখেছে দারুণ অবদান।
দুজনে ৪ ওভার করে দিয়েছেন মাত্র ২৩টি করে রান। অবশ্য উইকেট নেওয়ার বেলায় আফগান তারকাকে পেছনে ফেলেছেন সাকিব। দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার, একটি রশিদ।
জয়ের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি সাকিবদের। শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের ব্যাটে ৪.১ ওভার হাতে রেখে জিতে যায় তারা।
পরিসংখ্যানে দুই দলই সাক্ষাৎ লড়াইয়ে পেয়েছে ৫টি করে জয়। তাই প্রথম ম্যাচে ভিন্ন স্বাদ পেলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে আজ মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ ও মুম্বাই। যেই ম্যাচে ভারতীয়দের সমর্থন বিভক্ত হলেও দুই দলই পাশে পাবে পুরো বাংলাদেশকে। সবার প্রত্যাশা থাকবে কেবল সাকিব নয়, জ্বলে উঠবেন মোস্তাফিজও। ক্রিকইনফো
*হায়দরাবাদ ও মুম্বাইয়ের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস ১