হিলিতে মেয়র কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন রেলওয়ে একতা

HILI KHELA PIC 1দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়ে একতা ক্লাব। সোমবার ফাইনালে হিলির নবারুন পাঠাগার ও ক্লাব ক্রিকেট একাদশকে তারা হারায় ৩২ রানে।

এদিন বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে বাংলা হিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল হয়।

খেলায় আগে ব্যাট করে রেলওয়ে একতা নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১২৭ রান করে। পরে ব্যাটিং করতে নেমে নবারুন সবগুলো উইকেট হারায় ৯৫ রানেই।

খেলায় ম্যান অব দ্য সিরিজ হন রেলওয়ে একতার রাব্বি। ম্যাচ সেরা হন বিজয়ী দলের সাহেদ ও সেরা ক্যাচ নেওয়ার পুরস্কার জেতেন তার সতীর্থ জাহিদ হোসেন।

খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। সেখানে আরও ছিলেন প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, হিলি স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শাফীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‘মাদক ছেড়ে খেলতে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’- এই স্লোগানে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে চলতি মাসের ১৫ এপ্রিল থেকে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়। খেলায় হাকিমপুর (হিলি) পৌরসভার বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশ নেয়।