পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্ট মহিলা দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা পেয়েছে ৯০ রানের বড় জয়। রুমানা খেলেছেন ১৩৬ রানের হার না মানা ইনিংস, আর ফারজানা অপরাজিত ছিলেন ১০২ রানে। তাদের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরে জমা করে ২৭০ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে ফাহিমার স্পিন বিষে নীল হয়ে ৪৫.৪ ওভারে প্রতিপক্ষরা গুটিয়ে যায় ১৮০ রানে।
স্বপ্নের মতোই এক দিন পার করেছেন ফাহিমা। তার লেগ স্পিনের সামনে নর্থ ওয়েস্ট দলের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। বাংলাদেশি স্পিনার ১০ ওভারের মধ্যে ৬টিই দিয়েছেন মেডেন, আর যে ৪ ওভারে রান নিতে পেরেছেন প্রতিপক্ষের খেলোয়াড়রা, সেখানেও খরচ করেছেন মাত্র ৪ রান। কী করে রান নেবেন, ফাহিমার ঘূর্ণি তো বুঝতেই পারছিলেন তারা। অসহায় আত্মসমর্পণ করে একে একে ফিরেছেন প্যাভিলিয়নে।
১০ উইকেটের মধ্যে ৮টিই ফাহিমার শিকার। এর চেয়ে ভালো দিন আর হওয়ার কথা নয় এই বোলারের। নর্থ ওয়েস্ট দলের প্রথম ও শেষ উইকেটটি কেবল পাননি তিনি, তাছাড়া মাঝের ৮ উইকেটের সবক’টি তার দখলে। বাকি উইকেট দুটি পেয়েছেন জাহানারা আলম ও খাদিজা-তুল-কুবরা।
টস জিতে ব্যাটিং নেমে মুরশিদা খাতুন (০) ও সানজিদা ইসলামের (৪) উইকেট দুটি দ্রুত হারানোর পর রুমানা আহমেদের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলেন ফারজানা। তৃতীয় উইকেটে ২৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ফারজানা অপরাজিত ছিলেন ১০২ রানে। ১৪৩ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০ বাউন্ডারিতে। ক্রিকইনফো