ওয়ার্নারের ‘শিক্ষা’

ডেভিড ওয়ার্নারবল টেম্পারিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার। কঠিন এই সময়ে যে সমর্থন পেয়েছেন, তাকে জীবনের ‘মূল্যবান শিক্ষা’ হিসেবে নিচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

গত মার্চে দক্ষিণ আফ্রিকা থেকে মাথা নিচু করে ফেরার পর সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন ওয়ার্নার। এরপর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। ‘এনটি নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বল টেম্পারিংয়ের ঘটনার পর সমালোচনার স্বীকার হয়েছেন তিনি, অপমান হতে হয়েছে তার পরিবারকে- যা তাকে নতুন করে অনেক কিছু জানতে শিখিয়েছে।

বাস্তবতাটা ওয়ার্নার বুঝতে পেরেছেন বল টেম্পারিংয়ের ঘটনার পরই, ‘এটা ভীষণ অপমানজনক ও ধ্বংসাত্মক। মাঝেমধ্যে হয়তো আপনার খারাপ সময় যাবে, তখন তার প্রতিফলন দেখে আশ্চর্য হবেন, দেখবেন লোকজন আপনাকে কীভাবে মূল্যায়ন করছে।’

নিজের জীবন দিয়ে সেটা বুঝেছেন তিনি আরও ভালো করে, ‘মাঝেমধ্যে আমাদের সমাজের কারও কারও সঙ্গে খুব খারাপ কিছু ঘটে, ওই সময় অনেক সমর্থন পাওয়া যায়। আমার মনে হয়, আমি সামনে থেকে যে সমর্থন পেয়েছি, তাতে আমার নিজের জন্য মূল্যবান শিক্ষা নিতে পেরেছি।’

ক্রিকেট থেকে বাইরে থাকায় এখন পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ওয়ার্নার। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সময়টা ভালোই কাটছে এই ওপেনারের। ক্রিকেট ডটকম