প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফি-সাকিবদের ইফতার

ইফতারে গিয়ে প্রধানমন্ত্রীকে মাশরাফিদের ফুলেল শুভেচ্ছা (ছবি: সৌজন্য)প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। শেখ হাসিনাকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছান সাকিব। সন্ধ্যায় তিনি যান গণভবনে। সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ। সাকিব এই ফ্লাইটে যাবেন না। দুই দিন বিশ্রাম শেষে টি-টোয়েন্টি অধিনায়ক ৩১ মে রওনা হবেন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন এই ইফতারে। ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।

এই ইফতারে আরও অংশ নেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকরা, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও গায়ক।

ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের টেবিল ঘুরে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।