সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু করেছে বাংলাদেশ। শেষ দুটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে। আর তাই আশাবাদী সাকিব। নতুন দেশে খেলার রোমাঞ্চ সতীর্থরা কাজে লাগাবে বিশ্বাস তার, ‘সবার জন্য এটা (নতুন জায়গায় খেলা) রোমাঞ্চের হওয়া উচিত। আর এখানে যেহেতু বাংলাদেশের অনেক সমর্থক থাকবে, তাই আমি মনে করি সবার জন্য দারুণ একটা সময় কাটবে।’
গত বছর সিপিএলে জ্যামাইকা তাল্লাওয়াসের হয়ে এই ভেন্যুতে দুটি ম্যাচ খেলেছেন সাকিব। দুটি ম্যাচে একটি করে উইকেট পাওয়ার পাশাপাশি দ্বিতীয়টিতে ৩২ বলে ৪৪ রানে ঝড় তুলে দলের জয়ে দারুণ অবদান রেখেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গতবারের চেয়ে এই উইকেট ভিন্ন মনে করছেন সাকিব, ‘বলা মুশকিল (স্পিনারদের সুবিধা)। গত বছর আমি যখন সিপিএলের ম্যাচ খেলেছি এখানে তখনকার উইকেটের সঙ্গে এবারেরটা ভিন্ন। গতকাল আমরা সাইড নেটে অনুশীলন করেছি, ম্যাচের উইকেট খুব একটা আলাদা হবে না সেটা থেকে। অনুশীলন শেষে বোঝা যাবে উইকেটের অবস্থা।’
গতবারের চেয়ে উইকেট আরও ভালো হবে বিশ্বাস সাকিবের। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী তিনি। এজন্য আগে ব্যাট করার পক্ষে বাংলাদেশের অধিনায়ক, ‘আমাদের সুযোগ ছিল আরও রান করার (প্রথম ম্যাচে)। বেশ কিছু কারণে আমরা সফল হইনি। ভুলের জায়গাগুলো শুধরে আরও বেশি কিছু রান করা সম্ভব। এখানে আগে ব্যাট করলেও বড় একটা স্কোর দাঁড় করানো সম্ভব হবে মনে করছি।’
রবিবার সকাল ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।