টস হেরে ব্যাট করতে নামে নেপাল। পরশ খাড়কা ও সোমপাল কামির হাফসেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে ২১৬ রানে অলআউট হয় তারা। এরপর দারুণ শেষ ওভারে ২১৫ রানে তারা ডাচদের গুটিয়ে দেয়।
৮৮ রান করতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া নেপালকে উদ্ধার করেন অধিনায়ক পরশ ও সোমপাল। ৪৭ রানের জুটি গড়েন তারা দুজন। ৫১ রানে পরশ আউট হওয়ার পর সোমপাল ৪১ রানের আরেকটি সম্ভাবনাময়ী জুটি গড়েন সন্দিপ লামিচানেকে নিয়ে। ৪৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন তিনি।
নেদারল্যান্ডসের পক্ষে ফ্রেড ক্লাসেন সর্বোচ্চ ৩ উইকেট নেন। মাইকেল রিপন ও পিটার সিলার নেন দুটি করে উইকেট।
২৯০ রানের লক্ষ্য দিয়ে সোমপাল ইনিংসের দ্বিতীয় বলে ডাচদের প্রথম উইকেট তুলে নেন। ৩০ রানে স্বাগতিকদের আরও এক ব্যাটসম্যান ফিরে গেলে ড্যানিয়েল টের ব্রাক ও ওয়েসলে বারেসি ৮৪ রানের শক্ত জুটি গড়েন। তবে লামিচানের জোড়া আঘাতে এ জুটি ভাঙার পর বড় ধরনের হোঁচট খায় নেদারল্যান্ডস। ১৮৫ রানে ৯ উইকেট হারায় তারা।
তবে দশম উইকেটে নেপালকে হতাশার সাগরে ডোবানোর পথে ছিলেন ক্লাসেন ও পল ভ্যান মিকেরেন। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল ডাচদের। পরশের ওই শেষ বলে সোজা বোলারের দিকে শট নিয়েছিলেন ক্লাসেন। এক রান নেওয়ার চেষ্টায় দৌড় দেওয়া এ ব্যাটসম্যানকে রান আউট করতে খুব বেশি কষ্ট হয়নি পরশের। ১৫ রানের এই জুটি ভেঙে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় নেপাল।
বারেসি ডাচদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। দ্বিতীয় সেরা ৩৯ রান আসে ব্রাকের ব্যাটে।
লামিচানে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নেপালের সেরা বোলার। ব্যাট হাতে ইনিংস সেরা পারফরম্যান্সের পর বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা সোমপাল। ক্রিকইনফো