কোহলির নেতৃত্বে প্রথমবার ভারতের একই একাদশ

indiaভারতের টেস্ট মানে একাদশে পরিবর্তন- এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল! ৪৫ টেস্ট ধরে আসছে বিষয়টি। বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পর থেকে কখনও একই একাদশ নিয়ে নামেননি মাঠে। দীর্ঘদিন হয়ে আসা সেই ‘নিয়ম’-এ বদল এলো সাউদাম্পটন টেস্টে। কোহলির নেতৃত্বে প্রথমবার একই একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট হেরে চাপে ছিল ভারত। সিরিজ হারের শঙ্কা চোখ রাঙাচ্ছিল নটিংহাম টেস্টে। যদিও সফরকারী ভারত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে ফিরেছে সিরিজে। ওই টেস্টের একাদশ নিয়েই ভারত মাঠে নেমেছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাউদাম্পটন টেস্টে।

আগের দিনই অধিনায়ক কোহলি ইঙ্গিত দিয়েছিলেন একই একাদশ নিয়ে মাঠে নামার। এবারই প্রথম তার নেতৃত্বে অপরিবর্তিত একাদশ নামালো ভারত। তার অধিনায়কত্বে আগের ৩৮ ম্যাচে একাদশে কোনও না কোনও পরিবর্তন ছিল। ৩৯তম ম্যাচে এসে একই একাদশ দেখলো ক্রিকেট বিশ্ব।

সব মিলিয়ে ৪৫ ম্যাচ পর আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে সংশয় থাকলেও তিনি ফিট হয়ে নেমেছেন সাউদাম্পটন টেস্টে।

ভারতীয় একাদশ:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আজিঙ্কা রাহানে, চেতশ্বর পূজারা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, জসপ্রিৎ বুমরাহ, ইশান্ত শর্মা।