এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। ফাইনালে যাওয়ার আগে আবুধাবির ম্যাচটি ছিল ‘সেমিফাইনাল’। জিতলেই ফাইনাল, এমন সমীকরণের ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ২৩৯ রান করার পরও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।
প্রতিযোগিতাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচে হেরে এমনিতেই ক্ষোভে ফুঁসছিলেন পাকিস্তানি সমর্থকরা। তবু আর সব পাকিস্তানির মতো ফাইনাল খেলার আশায় ছিলেন মুলতানের কয়েক ভক্ত। দলকে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে দেখার স্বপ্ন নিয়েই তারা বসেছিলেন টিভির সামনে। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান হেরে যাওয়ায় ভেঙে তাদের স্বপ্ন।
ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের কাছে এমন পরাজয়, মেনে নিতে পারেননি মুলতানের ওই ভক্তরা। দল হেরে যাওয়ার পর টিভিই ভেঙে ফেলেন তারা। পাকস্তানি সংবাদমাধ্যম ‘আব তাক’-এর খবর, মাটিতে আছাড় মেরে টিভি ফেলে দেওয়ার পরও দুঃখ জুড়ায়নি তাদের, তাই ভেঙে যাওয়া টিভির ওপর লাথিও মারেন তারা। এরপর চেয়ার ভাঙচুরের চেষ্টা চালান তারা।
ক্রিকেট নিয়ে টিভি ভাঙচুরের ঘটনা পাকিস্তানে রোজকার ব্যাপারই বলা চলে। দল খারাপ করলেই এমন খবর শোনা যায় তাদের সংবাদমাধ্যমে। এমনকি খেলোয়াড়দের ওপর ক্ষোভ ঝারতে তাদের কুশপুত্তলিকা দাহ করার নজিরও অনেক আছে পাকিস্তানে।