শেষ ওয়ানডের দলে সৌম্য

সৌম্য সরকার।প্রথম দুই ওয়ানডে দলে ছিলেন না সৌম্য সরকার। প্রস্তুতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে দলে ফেরার জোর দাবি তুলেছিলেন। অবশেষে শেষ ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনারকে। বর্তমানে খুলনায় জাতীয় লিগ খেলছেন সৌম্য।

হঠাৎ সৌম্যকে বেছে নেওয়ার কারণও আছে। গত কিছুদিন ধরে দারুণ ছন্দে রয়েছেন। বর্তমানে জাতীয় লিগ খেলতে খুলনায় থাকা সৌম্যর আজই চট্টগ্রামে পৌঁছানোর কথা। বিশ্বকাপ আসন্ন বলেই এই ওপেনারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। সৌম্য চলে আসলে জাতীয় লিগের নিয়ম অনুযায়ী তার জায়গাতে অন্য একজনকে খেলাতে হবে। তখন চলমান এই ম্যাচটি প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা হারাবে।

অবশ্য ঢাকায় প্রথম ওয়ানডে শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিলো শেষ দুটি ওয়ানডেতে দেখা যাবে তাকে। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ হওয়াতে শেষ ম্যাচে সৌম্যকে ডাকা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা, ‘আমরা ওকে ডেকেছি, শেষ ম্যাচে ওকে খেলানোর পরিকল্পনা আছে। আজকে ম্যাচটি জিতে গেলে শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে সৌম্যকে দেখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে দুই ম্যাচে খেলার সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন সৌম্য। পাকিস্তানের বিপক্ষে শূন্য এবং ভারতের বিপক্ষে করেছিলেন মাত্র ৩৩ রান। এশিয়া কাপ শেষে দেশে ফিরে আসার পর সৌম্য ফিরে যান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। খুলনা বিভাগের হয়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। গত শুক্রবার লিগের মাঝপথে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামেন। ওই ম্যাচে শুধু ভালো নেতৃত্বই দেননি অপরাজিত ১০২ রানের ইনিংসও খেলেন। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পায় স্বাগতিক দল।