এনিয়ে ৯ ওয়ানডেতে প্রথম হারের তেতো স্বাদ পেল ভারত। আর পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচটি ভারত জেতার পর দ্বিতীয়টি টাই হয়।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। ৫৫ রানে তিন উইন্ডিজ ব্যাটসম্যানকে ফিরিয়ে শুভ সূচনা করেছিল তারা। কিন্তু শাই হোপের ইনিংস সেরা পারফরম্যান্সের সঙ্গে শিমরন হেটমায়ার ও অ্যাশলে নার্সের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৮৩ রান করে ক্যারিবিয়ানরা।
কোহলির ব্যাটে সেই লক্ষ্য সহজেই পার করার স্বপ্ন জাগায় ভারত। কিন্তু প্রতিপক্ষের বোলারদের সামনে হঠাৎ করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৪৭.৪ ওভারে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৪০ রানে।
হোপকে ৫ রানের আক্ষেপে ভাসান জসপ্রীত বুমরাহ। ৯৫ রান করেন তিনি ১১৩ বলে ৬ চার ও ৩ ছয়ে। তার বিদায়ের পর নার্স ২২ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বুমরাহ ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন।
৪২তম ওভারে মারলন স্যামুয়েলসের বলে কোহলি বোল্ড হলে ভারতের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। ১০৭ রানে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে স্যামুয়েলস টানা দুটি উইকেট নিয়ে উইন্ডিজের জয় নিশ্চিত করেন। তিন উইকেট নিয়ে সফরকারীদের সেরা বোলার তিনি।
ব্যাটিংয়ে নৈপুণ্য দেখানো নার্স ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। তার সমান দুটি করে উইকেট নেন হোল্ডার ও ওবেদ ম্যাককয়।
আগামী সোমবার হবে সিরিজের চতুর্থ ম্যাচ।