মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইনজুরি থেকে সেরে উঠলে সাকিবকে খেলতে দিতে আমাদের আপত্তি নেই। সেরে ওঠার শর্তেই তাকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমিরাতে যাওয়ার আগে চিকিৎসকদের কাছ থেকে সাকিবের ফিটনেস রিপোর্ট চাইবে বিসিবি।’
এ বছরের শুরু থেকে সাকিবের ইনজুরি সমস্যা। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান তিনি। এই ইনজুরি ভীষণ কষ্ট দিয়েছে তাকে।
ব্যথা নিয়ে খেলা চালিয়ে গেলেও এশিয়া কাপে আর পারেননি, টুর্নামেন্টের মাঝপথে ফিরে আসেন দেশে। আঙুলের অবস্থা এতই খারাপ হয়েছিল যে অস্ত্রোপচার করে পুঁজ বের করতে হয়েছিল। অস্ত্রোপচারের কিছু দিন পর বিশেষজ্ঞ হ্যান্ড সার্জনের পরামর্শ নিতে সাকিব চলে যান অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আপাতত তিনি সুস্থ হওয়ার পথে। পুরো সুস্থ হতে অন্তত তিন মাস লাগবে।