তামিমের জন্য অপেক্ষা

দ্বিতীয় টেস্টের আগে তামিমকে সুস্থ করে করে তোলার আপ্রাণ চেষ্টা চলছেমঙ্গলবার ঘোষিত দ্বিতীয় টেস্টের দলে তামিম ইকবালের নাম নেই। তবে দেশসেরা ওপেনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি টিম ম্যানেজমেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।

এশিয়া কাপে আঙুলের ইনজুরিতে পড়া তামিম ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু প্রথম টেস্টের দল ঘোষণার ঠিক আগে অনুশীলনের সময় ব্যথা পান তিনি। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি।

দ্বিতীয় টেস্টের আগে তামিমকে সুস্থ করে করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ফিজিও-চিকিৎসকরা তামিমকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। তামিম নিজেও ফিটনেস ফিরে পেতে লড়াই করছে। দ্বিতীয় টেস্টে তার খেলাটা আসলে ভাগ্যের ওপরে নির্ভর করছে। আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবো। আমাদের দলে তামিম অটোমেটিক চয়েজ। খেলার মতো ফিট হলে সরাসরি একাদশে ঢুকে পড়বে সে।’

সাম্প্রতিক সময়ে উদ্বোধনী জুটিতে রান পাচ্ছে না বাংলাদেশ। আকরাম অবশ্য ওপেনারদের নিয়ে আশাবাদী, ‘আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম এখন ইনজুরিতে। যারা খেলছে তাদের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। আশা করি, ওপেনাররা শিগগিরই রানে ফিরবে।’

মিরপুরের উইকেট কেমন হবে প্রশ্নে জাতীয় দলের সাবেক অধিনায়কের মন্তব্য, ‘আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চাই। উইকেট স্পিনিংও হতে পারে, আবার পেসারদের সহায়কও হতে পারে। তবে যা-ই হোক না কেন, দলের শক্তির কথা মাথায় রেখেই উইকেট বানানো হবে।’