ফেরার লড়াইয়ে ব্যস্ত তামিম

চলছে তামিমের ব্যাটিং অনুশীলন৯ ডিসেম্বর থেকে শুরু ওয়ানডে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজকেই ফেরার মঞ্চ বানানোর লক্ষ্য তামিম ইকবালের। চোট কাটিয়ে সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন তিনি। শনিবার মিরপুরের একাডেমির সেন্ট্রার উইকেটে প্রথমবারের মতো পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করলেন এই ওপেনার।

প্রথম দফায় ইনজুরি থেকে ফিরে ব্যাটিং শুরু করেছিলেন তামিম। সম্ভাবনা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার। কিন্তু নতুন করে সাইড স্টেইনের চোট ফের ছিটকে দেয় তাকে। এরপর বেশ কিছুদিন বিশ্রাম নিয়ে শনিবার ব্যাটিং অনুশীলনে ফিরেছেন তামিম। ঘণ্টা খানেকের মতো অনুশীলন করেছেন মিরপুরের একাডেমিতে।

মিরপুর স্টেডিয়ামে তখন মাহমুদউল্লাহ-লিটন দাস দাপট দেখাচ্ছিলেন ব্যাট হাতে। তাদের বাদ দিয়ে দর্শকরা ব্যস্ত তামিমের ব্যাটিং দেখতে! ১ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতেই একাডেমি মাঠ চোখে পড়ে। লোহার গেটের ফাঁক গলিয়ে তামিমের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে চোখ জুড়ালেন ভক্তরা। তামিমও অসাধারণ কিছু শটে  আনন্দ উপহার দিলেন তাদের।

তবে প্রথম দিনে পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে সন্তুষ্ট হতে পারলেন না তামিম। যদিও ওয়ানডে সিরিজের আগে আরও ৮ দিন হাতে থাকায় ঘাটতি পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশাবাদী। ৬ ডিসেম্বর ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটাও তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। ওই ম্যাচ দিয়েই শতভাগ ফিট হয়ে ফেরার আশা তামিমের, ‘ব্যাটিংটা ভালো হচ্ছে না। তবে এখনও সময় আছে। আশা করি প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে পুরোপুরি ছন্দে ফিরতে পারব।’

দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে বেশ কয়েকজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করেন তামিম। আর লাঞ্চ বিরতিতে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ তার শিষ্যদের নিয়ে চলে যান একাডেমিতে। তামিমকে একটানা বল করে গেলেন মোস্তাফিজুর রহমান, আরিফুল হক ও খালেদ আহমেদ। লেগ স্পিনার রিশাদ হোসেন, জুবায়ের হোসেন ও পেসার আলাউদ্দিন বাবুও বোলিং করেছেন।

তামিমের ব্যাটিং দেখতে এক ফাঁকে এসেছিলেন প্রধান কোচ স্টিভ রোডসও। খানিকক্ষণ ব্যাটিং দেখে কিছু পরামর্শও দিয়ে যান বাংলাদেশের সেরা ওপেনারকে।

অনুশীলনের মাঝে রসিকতাও চললো বেশ। মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের বল থার্ডম্যানের পাশ দিয়ে উড়িয়ে মেরে তামিমের প্রশ্ন, ‘কত রান হবে এই শটে?’, হাসতে হাসতে মোস্তাফিজের উত্তর, ‘ভাই আউট!’। ম্যাচে তামিমের এই শট নিশ্চিতভাবেই ছয় হবে। তবে পরের তিন বল তামিমকে চ্যালেঞ্জ জানিয়েই করলেন মোস্তাফিজ। সেই চ্যালেঞ্জ অবশ্য জিততে পারনেনি এই ওপেনার।

অনুশীলনে পুরো ছন্দে না থাকলেও বেশ কয়েকটি ‘বিগ হিট’-এ বল সীমানা ছাড়া করেছেন তামিম। জুবায়েরের গুগলিতে বেশ কয়েকবার পরাস্ত হলেও সোজা ব্যাটে বলকে সীমানাছাড়া করেছেন তিনি। রিশাদের একটি স্লোয়ারকে তো মিড অন দিয়ে মারলেন বিশাল ছক্কা।

অনুশীলনের শেষ দিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন হুট করে হাজির। তামিমকে ডেকে কিছু একটা আলোচনা করলেন তিনি। হয়তো শটে ত্রুটি খুঁজে পাওয়ায় সমাধান বাতলে দিলেন সালাউদ্দিন। তামিম সে পরামর্শ মেনে বেশ কিছু বল স্কয়ার ড্রাইভে খেললেন। পরে আরও কয়েকটা ওভার দেখে সন্তুষ্ট মনে বেরিয়ে গেলেন সালাউদ্দিন।

তখনও ব্যাটিং করে যাচ্ছেন তামিম। অভিজ্ঞ এই ওপেনারের এমন পরিশ্রমই বলে দিচ্ছে মাঠে ফিরতে কতটা উদগ্রীব হয়ে আছেন তিনি।