মিরপুর টেস্টের পারফরম্যান্স অফ স্পিনারকে জায়গা করে দিয়েছে আইসিসির প্রকাশিত নতুন বোলিং র্যাংকিংয়ের ২০-এর মধ্যে। সোমবার প্রকাশিত টেস্ট বোলিং র্যাংকিংয়ের ১৬তম স্থানে মিরাজ। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে ছাড়িয়ে তিনিই এখন বাংলাদেশের সেরা র্যাংকিং বোলার।
ক্যারিবিয়ানদের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান খরচায় তিনি পান ৭ উইকেট। পারফরম্যান্সের ধারা সচল রেখে দ্বিতীয় ইনিংসে ৫৯ রান দিয়ে ৫ উইকেট পাওয়ায় ১৪ ধাপ এগিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা ২০-এ ঢুকে গেছেন মিরাজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলেন তিনি ২৮তম স্থানে। তবে চট্টগ্রাম টেস্টে মাত্র ৩ উইকেট পাওয়ায় দুই ধাপ পিছিয়ে ৩০-এ নেমে যান ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।
তবে মিরপুর টেস্টে হাজির হন অন্য রূপে। দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন ১৬তম স্থানে। নতুন প্রকাশিত র্যাংকিংয়ে মিরাজ বড় লাফ দিলেও পিছিয়ে গেছেন সাকিব (২১তম) ও তাইজুল (২২তম)। শীর্ষস্থান ধরে রেখেছেন দিনকয়েক আগেই জায়গা পুনরুদ্ধার করা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
সাকিব তার দলের বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেও ব্যাটিংয়ে বসেছেন শীর্ষে। সাত ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক এখন দলের শীর্ষ র্যাংকিং ব্যাটসম্যান। মিরপুর টেস্টে একটিমাত্র ইনিংসে ব্যাট করে ৮০ রান করা সাকিব ২৮তম জায়গা থেকে উঠে এসেছেন ২১তম স্থানে। পাঁচ ধাপ এগিয়ে আছেন মুমিনুল হক থেকে, যিনি দুই ধাপ পিছিয়ে এখন রয়েছেন ২৬তম স্থানে।
মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়ে রয়েছেন ২৮তম স্থানে। বড় লাফ দিয়েছেন অবশ্য মাহমুদউল্লাহ। ১৩৬ রানের ঝলমলে ইনিংস খেলা এই ব্যাটসম্যান ১৫ ধাপ এগিয়ে এখন ৪৮তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি-অবনতি হলেও সেরা ২০-এ কোনও পরিবর্তন নেই। স্বাভাবিকভাবেই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
টেস্টের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানে কোনও নড়চড় নেই। এক নম্বর জায়গা যথারীতি ধরে রেখেছেন সাকিব। আইসিসি বিজ্ঞপ্তি