এই সিরিজের জন্য শুক্রবার ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ টি-টোয়েন্টি খেলা দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান।
মোসাদ্দেক ইমার্জিং কাপের হয়ে খেলেছেন সবশেষ। সেখানে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তরুণ ব্যাটিং অলরাউন্ডার। কিন্তু জায়গা হলো না ক্যারিবিয়ান সিরিজে।
সাব্বির ৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। তার জায়গায় দলে এসেছেন মিঠুন। গত ফেব্রুয়ারিতে সিলেটেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। রাহীর বদলে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তিনিও শেষ টি-টোয়েন্টি খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে খেলছেন দুজনই।
আগামী ১৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে। শিশিরের কথা মাথায় রেখে এই ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ম্যাচ বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও হবে দুপুর ২টায়। তারপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০ ও ২২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। এই ম্যাচগুলো হবে আগের নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৫টায়।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন ও আরিফুল হক।