গেইলকে এই বিপিএলেই শিষ্য হিসেবে পেয়েছেন মুডি। এবার স্কোয়াডে যোগ হওয়া ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ান কোচের। তবে ডি ভিলিয়ার্সকে কখনও শিষ্য হিসেবে পাওয়া হয়নি তার। টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন এই প্রোটিয়া হার্ডহিটার ব্যাটসম্যানকে এবার দলে পেয়েছেন তিনি। ডি ভিলিয়ার্সের প্রতি তার আগ্রহটা তাই একটু বেশিই।
গেইল, ডি ভিলিয়ার্স ও হেলস- প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক জন্মাতে এই নামগুলোর একটি জ্বলে উঠলেই যথেষ্ট। মুডি তার বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়ে স্বস্তিতেই আছেন, যেখানে ডি ভিলিয়ার্সের কথা আলাদা করে বলেছেন তিনি বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ান কোচের বক্তব্য, ‘বিশ্বসেরা খেলোয়াড়দের পাওয়াটা দারুণ ব্যাপার। ওয়ান টু ওয়ানে কখনও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আমার কাজ করা হয়নি। হেলস ও গেইলের সঙ্গে আগেও কাজ করেছি।’
সঙ্গে যোগ করেছেন, “এবি’র সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার। ওর অন্তর্ভুক্তি দলে ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে। এই (টি-টোয়েন্টি) ফরম্যাটে সে বিশ্বসেরা খেলোয়াড়। যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে মোটেও মনোযোগ নেই আমাদের। একাদশ কতটা ভূমিকা রাখতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ।”
চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিপিএলে নামতে যাচ্ছে রংপুর। শিরোপা ধরে রাখার ব্যাপারে মুডি বলেছেন, ‘আমরা জানি এটা খুব শক্তিশালী প্রতিযোগিতা। সব দলই খুব ভারসাম্যপূর্ণ। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে গতবার আমরা যা করেছিলাম, সেটা ছিল দুর্দান্ত ব্যাপার। আমরা জানি সামনে অনেক পরিশ্রম করতে হবে আমাদের।’
নতুন মৌসুমে স্থানীয় খেলোয়াড়দের দিকে বাড়তি নজর রাখছেন রংপুর কোচ, ‘আমরা বেশ সৌভাগ্যবান, গতবারের বেশ কয়েকটি বড় মুখ ধরে রাখতে পেরেছি দলে। তবে আমি মুখিয়ে আছি আমাদের স্থানীয় খেলোয়াড়দের দিকে, যাদের সঙ্গে আগে আমার কাজ করা হয়নি।’
মাশরাফি বিন মুর্তজার চমৎকার নেতৃত্বে গতবার শিরোপা ঘরে তুলেছিল রংপুর। এবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন তিনি। তার আগে মাশরাফির নামের সঙ্গে যোগ হয়েছে আরেকটি পরিচয়। নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রংপুরের জার্সিতেই প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা মাশরাফি অভিনন্দন পেলেন রংপুর কোচ মুডির কাছ থেকেও, ‘সবচেয়ে বড় বিষয় হলো সে ক্রিকেটের সদস্য। অবশ্যই সে গত কয়েক সপ্তাহ জীবনের রোমাঞ্চকর অধ্যায় কাটিয়েছে। তার অর্জনে আমরা সবাই অভিনন্দন জানিয়েছি। আমি জানি শনিবার যখন আমাদের খেলা শুরু হবে, ম্যাশ তখন আরেকবার ক্রিকেটের মধ্যে ডুবে যাবে।’