১৪ রানে ৪ উইকেট নিয়ে চিটাগং ভাইকিংসের জয়ের নায়ক ফ্রাইলিঙ্কের কথা, ‘এই উইকেটে ব্যাট করা বেশ কঠিন। তবে এটা ৯৮ রানের নয়, ১৪০ রানের উইকেট। অন্তত ১২০ রান তো হতেই পারতো। রবি বোপারাকে কেউ সঙ্গ দিলে ওদের এই রান হয়ে যেতো। অবশ্য আমাদের বোলারদের কৃতিত্ব কম নয়। ওদের ৯৮ রানে আটকে রাখতে পেরেছি।’
৩৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা রংপুর রাইডার্স যে এক শ’র কাছাকাছি যেতে পেরেছে, তার প্রধান কৃতিত্ব বোপারার। ইংলিশ ব্যাটসম্যানের ৪৪ রান বড় ধরনের লজ্জায় পড়তে দেয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট ধন্দে ফেলেছে বোপারাকেও, ‘মিরপুরের উইকেট খুব রহস্যময়। তবে আমাদের আরও রান করা উচিত ছিল। ১৩০ রান করতে পারলে চ্যালেঞ্জিং স্কোর হতো। এখানে ১৫০ রান তাড়া করে জেতা কঠিনই হবে।’
বোপারার ধারণা, নেট উইকেটের সঙ্গে মূল উইকেটের তফাত বেশি হওয়ায় সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদের, ‘বাংলাদেশে নেট উইকেটগুলো মূল উইকেটের মতো নয়। নেটে প্র্যাকটিস করে মাঠের উইকেট সম্পর্কে ধারণা পাওয়া খুব কঠিন।’