সিলেটেও দর্শক নেই

সিলেটের ফাঁকা গ্যালারিপ্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার উৎকর্ষের দারুণ মিলন ঘটা সিলেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। তবে ঢাকার মতো এখানেও বিপিএল নিয়ে তেমন উন্মাদনা নেই! খুলনা টাইটানস-রাজশাহী কিংসের উদ্বোধনী ম্যাচ হয়েছে একরকম ফাঁকা গ্যালারিতেই।

খেলোয়াড়রা একদিন আগে সিলেটে পা রাখার পরও মিলছে না বিপিএল নিয়ে তেমন কোনও উন্মাদনা। শহরের কিছু প্রান্তে বিপিএল সংক্রান্ত কিছু ব্যানার-ফেস্টুন চোখে পড়ছে বটে, তবে তা কেবলই সিলেট সিক্সার্সকে নিয়ে। এমন নিরুত্তাপের বড় কারণ হতে পারে টিকিটের দুষ্প্রাপ্যতা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৮ হাজার। এর মধ্যে ১৫ হাজার টিকিট যাওয়ার কথা সাধারণ দর্শকদের কাছে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম এবং মূল ভেন্যুর বাইরে স্থাপন করা বুথে ম্যাচের আগের দিন টিকিট বিক্রি করার কথা থাকলেও দর্শকদের কাছ থেকে অভিযোগ দাঁড়িয়ে থেকেও তারা টিকিট পাচ্ছেন না!

মঙ্গলবার প্রথম ম্যাচের সময় গ্যালারির সিংহভাগ আসন ফাঁকা থাকলেও মূল ফটকের বাইরে দর্শকরা একটি টিকিটের আশাতে হন্যে হয়ে ঘুরেছেন। রাকিব নামের কলেজ পড়ুয়া এক ছাত্র বললেন, ‘গতকাল (সোমবার) থেকে টিকিট খুঁজছি, কিন্তু কোথাও টিকিট পাইনি। এখনও দাঁড়িয়ে আছি, যদি টিকিট পাই এই আশায়।’ রাকিবের অভিযোগ, ‘বিভিন্ন জায়গায় ২০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। ছাত্র হয়ে এত দাম দিয়ে টিকিটি কেনা তো আর সম্ভব নয়।’

৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএলে এবার অনেক নামিদামি তারকা এসেছে। কিন্তু বড় তারকা নিয়েও মিরপুরে জমেনি ম্যাচগুলো। বড় তারকা থাকলেও তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি। যে কারণে মিরপুরে আগ্রহ নিয়ে মাঠে আসেনি দর্শকরা। তাছাড়া মিরপুরের ‘মরা’ উইকেটে ২০০ রানের একটি ইনিংস এখনও উপহার দিতে পারেনি কোনও দল। শেষ দিকের কয়েকটি ম্যাচ বাদে বড় রান হয়নি বেশিরভাগ ম্যাচেই।

ঢাকা পর্ব শেষে সিলেট পর্বে বিপিএল জমে উঠবে বলে মনে করেছিলেন ক্রিকেটসংশ্লিষ্ট অনেকেই। কিন্তু চায়ের শহরে প্রথম ম্যাচে অন্তত সেই উত্তাপ খুঁজে পাওয়া যায়নি। তবে উন্মাদনা যে একেবারে নেই, তা অবশ্য নয়। টিম হোটেলে অনেক ভক্তের ভিড় লক্ষ্য করা গেছে। স্বাগতিকদের দলে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম ডেভিড ওয়ার্নার থাকায় আলোচনা কিছুটা বেশি। প্রথম ম্যাচে উন্মাদনা চোখে না পড়লেও অনেকেই আশা করছেন সিলেটের ম্যাচে দর্শকদের আগ্রহ বেশি থাকবে।

সিলেট পর্বে চার দিনে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইটানস-রাজশাহী কিংস। দিনের অন্য খেলাতে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দিন (বুধবার) প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রাজশাহী। অন্য মাটে সিলেটের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

একদিন বিরতি দিয়ে ১৮ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ঢাকা। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটানস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের শেষ দিন ১৯ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে লড়বে মাশরাফির রংপুর রাইডার্স এবং দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলবে খুলনা টাইটানস।