তিন দিনেই শেষ হয়ে গেছে ব্রিসবেন টেস্ট। ইনিংস ব্যবধানে জয়ে দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেলে ১-০-এ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া কামিন্স দ্বিতীয় ইনিংসে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। ২৩ রান খরচায় ৬ উইকেট নিয়ে এই পেসার গুঁড়িয়ে দিয়েছেন লঙ্কানদের ব্যাটিং লাইন।
প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে এই স্কোরটাও করতে পারেনি। দ্বিতীয় দিনের ১ উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে কামিন্স ঝড়ে তারা এলোমেলো। ৭৯ রানের মধ্যেই হারায় ৬ উইকেট।
দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন দিনেশ চান্ডিমাল। শ্রীলঙ্কান অধিনায়ক রানের খাতা খুলতে পারেননি। তাকে ফেরানো কামিন্স আউট করেছেন শ্রীলঙ্কার টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে। আগের দিন দিমুথ করুণারত্নের পর তৃতীয় দিনের শুরুতে চান্ডিমালকে ফেরানো এই অস্ট্রেলিয়ান পেসারের সামনে দাঁড়াতে পারেননি কুশল মেন্ডিস (১) ও রোশন সিলভা (৩)।
ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার লাহিরু থিরিমানেকে (৩২) ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চমবারের মতো তিনি পূরণ করেন ৫ উইকেট। পরে দিলরুয়ান পেরেরাকে আউট করে ২৩ রান খরচায় কামিন্সের শিকার ৬ উইকেট। ম্যাচে ১০ উইকেট পাওয়া এই পেসারের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
কামিন্স ঝড়ের সঙ্গে যোগ দিয়েছিলেন ঝাই রিচার্ডসন। অভিষিক্ত এই পেসার নিয়েছেন ধনাঞ্জয় ডি সিলভা (১৪) ও নিরোশান ডিকবেলার (২৪) উইকেট দুটি। শ্রীলঙ্কার আরও আগেই অলআউট হয়ে যেত, যদি না শেষ দিকে সুরঙ্গা লাকমাল ২৪ রান করতেন। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৪৪ ও দ্বিতীয় ইনিংসে ৫০.৫ ওভারে ১৩৯ (থিরিমানে ৩২, ডিকবেলা ২৪, দিলরুয়ান ২৪, ধনাঞ্জয় ১৪; কামিন্স ৬/২৩, রিচার্ডসন ২/১৯)।
অস্ট্রেলিয়া: ৩২৩।
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৪০ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: প্যাট কামিন্স।