ম্যাচ বাঁচাতে শেষ দিন নেমেছে বাংলাদেশ

mithunদুই দিন গেছে বৃষ্টির দখলে। ওয়েলিংটন টেস্ট তাই হলো তিন দিনের। নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করার সুযোগ ভালোভাবে জুটেছিল বাংলাদেশের ভাগ্যে। কিন্তু দুই দিন পার হতেই ধুঁকছে সফরকারীরা। ম্যাচ বাঁচানোর লক্ষ্যে ৭ উইকেট হাতে নিয়ে শেষ দিন মাঠে নামছে তারা।

২২১ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ সেশনে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।  শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫৫ রানে হারায় ৩ উইকেট। এরপর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের ২৭ রানের অপরাজিত জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা।

৩ উইকেটে ৮২ রানে মঙ্গলবার খেলতে নেমেছে বাংলাদেশ। ২৫ রানে মিঠুন, আর ১২ রানে সৌম্য দিনের খেলা শুরু করেছেন।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট নেন দুটি উইকেট। হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় শেষ দিন উইকেটের পেছনে তারা পাচ্ছে না বিজে ওয়াটলিংকে। প্রথম সেশনের জন্য উইকেটরক্ষক থাকবেন পিটার বোকক।

সোমবার রস টেলরের ডাবল সেঞ্চুরি ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৩২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। তার আগে ২১১ রানে অলআউট হয় বাংলাদেশ।