পুলওয়ামা হামলায় নিহতদের পরিবারের পাশে কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাবকাশ্মিরের পুলওয়ামায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালো কিংস ইলেভেন পাঞ্জাব। হামলায় মারা যাওয়া পাঁচ পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক অনুদান দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য। তাদের মধ্যে পাঁচ সৈনিকের পরিবারের প্রত্যেককে ৫ লাখ রুপি করে দিয়েছে পাঞ্জাব। অনুদান তুলে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ভারতীয় দলও তাদের ম্যাচ ফি অনুদান হিসেবে দিয়েছিল ন্যাশনাল ডিফেন্সের ফান্ডে।

এবারের আইপিএলে পাঞ্জাবের মিশন শুরু হচ্ছে ২৫ মার্চ। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ জয়পুরে খেলতে যাবে তারা। গত মৌসুমে অশ্বিনের নেতৃত্বে প্রথম ছয় ম্যাচের পাঁচটিতে জিতে শিরোপার স্বপ্ন জাগিয়েছিল পাঞ্জাব। যদিও পরের দিকের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় আরেকটি হতাশার মৌসুম শেষ হয় তাদের। এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জেতা হয়নি, এমন তিন দলের একটি পাঞ্জাব।

যদিও এবার ভাগ্য বদলাতে চায় তারা অশ্বিনের নেতৃত্বে। মেন্টর হিসেবে থাকা বীরেন্দর শেবাগের পরামর্শে নিলামে ভালো কিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে পাঞ্জাব। দারুণ ভারসাম্যপূর্ণ দলটি ২০১৯ সালের আসরে নামতে যাচ্ছে শিারোপায় চোখ রেখে।